
ছেলেদের বিশ্বকাপে দুবার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ভারত। কিন্তু ছেলেদের বিশ্বকাপের দুই বছর আগে ১৯৭৩ সালে শুরু হওয়া মেয়েদের বিশ্বকাপে শিরোপার স্বাদ তারা এখনো পায়নি। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনালে ওঠা দলটি এবার বিশ্বকাপ জিততে মরিয়া। তাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা ফাইনালের ভেন্যু লর্ডস। ১৯৮৩ সালে এই লর্ডসেই ফেবারিট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল কপিল দেবের দল।
প্রেরণা আছে, তবে কাজটি কঠিন। ফাইনালে যে তাদের পেরোতে হবে ফেবারিট ইংল্যান্ডের বাধা। তবে তিনবারের চ্যাম্পিয়নদের হারাতে বেশ আত্মবিশ্বাসী ভারত। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা ভারত অধিনায়ক মিতালি রাজ স্বাগতিক প্রতিপক্ষকে একটা হুমকিই দিয়ে রেখেছেন, ‘ইংল্যান্ডের জন্য ম্যাচটি সহজ হবে না।’
এর আগে ২০০৫ সালেই শুধু ফাইনাল খেলেছে ভারত। সেই দলের দুজন মিতালি আর ঝুলন গোস্বামীর জন্য এবারই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের শেষ সুযোগ। দুজনই এখন মধ্য ত্রিশে দাঁড়িয়ে। মিতালি সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান, ‘রোববার ভারতে সবাই টেলিভিশনের সঙ্গে সেঁটে থাকবে। জিততে পারলে এর চেয়ে আনন্দের আর কিছু হবে না। ভারতের মেয়েদের ক্রিকেটের জন্য দারুণ হবে এটা।’
মেয়েদের বিশ্বকাপের ৪৪ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডেরই আধিপত্য। আগের ১০টি টুর্নামেন্টে ছয়বার জিতেছে অস্ট্রেলিয়া, তিনবার ইংল্যান্ড। এদের বাইরে ২০০০ সালে জিতেছিল নিউজিল্যান্ড। আধিপত্যের ধারাটা ধরে রাখতে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের উইকেটকিপার সারা টেলর। ভারতের মতো তাঁদেরও প্রেরণা লর্ডস, ‘ঘরের সমর্থকদের সামনে বিশ্বকাপের ফাইনাল, তা-ও আবার লর্ডসে। এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে!’ এএফপি।