লর্ডসে অভিষেকেই ইতিহাস কনওয়ের

ডেভন কনওয়ের সেঞ্চুরি উদ্‌যাপন।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই অভিষেক টেস্ট খেলতে নেমেছেন। তার ওপর নিজের প্রিয় জায়গা মিডল অর্ডারে ব্যাট করতে নামতে পারেননি। সব মিলিয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্নায়ুচাপেই ভোগার কথা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ের। কিন্তু সব চাপকে উড়িয়ে দিয়ে লর্ডসে ইতিহাসই গড়লেন কিউই ব্যাটসম্যান। ক্রিকেটের অভিজাত অঙ্গনে পা রাখলেন সেঞ্চুরি করে।

টেস্টে অভিষেকে সেঞ্চুরি অনেকেরই আছে। এমন কীর্তিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটাও কম নয়, কনওয়ের আগে ১১ জন গড়েছেন এ কীর্তি। তবে একটা জায়গায় নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের চেয়ে আলাদা কনওয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর সব দল মিলিয়ে? লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান কনওয়ে।

সেঞ্চুরি করার পথে অসাধারণ সব শট খেলেছেন ডেভন কনওয়ে।
ছবি: এএফপি

লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর সৌভাগ্য সবার হয় না। সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্নদের মতো কিংবদন্তিদের নাম নেই সেখানে। সেই অনার্স বোর্ডে টেস্ট অভিষেকেই নাম লিখিয়ে ফেললেন কনওয়ে। কিউই ব্যাটসম্যান কাল টেস্টের প্রথম দিন শেষ সেশনে আরেক অভিষিক্ত ওলি রবিনসনের বলে ফ্লিক করে স্কয়ার লেগ দিয়ে সীমানা ছাড়া করেই পেয়ে যান সেঞ্চুরি।

কনওয়ের আগে অভিষেকে লর্ডসে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম (১৮৯৩), ইংল্যান্ডের জন হ্যাম্পশায়ার (১৯৬৯), ভারতের সৌরভ গাঙ্গুলী (১৯৯৬), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪) ও ম্যাট প্রায়র (২০০৭)।

দিন শেষে ১৩৬ রানে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কিউই ব্যাটসম্যান কনওয়ে। তাঁর অসাধারণ এই ইনিংসে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ২৪৬। ১৬৩ বলে সেঞ্চুরি ছোঁয়া কনওয়ে ছাড়া বলার মতো রান হেনরি নিকোলসের, অপরাজিত ৪৬। ওপেনার টম ল্যাথাম করেছেন ২৩। তাঁকে বোল্ড করেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেয়েছেন ইংলিশ পেসার রবিনসন।

সেঞ্চুরি করার পথে ডেভন কনওয়ের আরও একটি দুর্দান্ত শট।
ছবি: এএফপি

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে অ্যালিস্টার কুকের পাশে বসা জেমস অ্যান্ডারসন বোল্ড করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে। রবিনসন দ্বিতীয় উইকেট পেয়ে যান রস টেলরকে ফিরিয়ে। এরপর হেনরি নিকোলসকে নিয়ে আর বিপদ বাড়তে দেননি কনওয়ে।