লর্ডসে ক্রিকেট রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে বেন স্টোকস, পেছনে অভিনন্দন জানাতে ছুটে আসা সতীর্থরা। উইলিয়ামসনকে আউট করার পর স্টোকসকে ঘিরে এভাবেই হলো ইংল্যান্ডের উদ্‌যাপন  l রয়টার্স
সামনে বেন স্টোকস, পেছনে অভিনন্দন জানাতে ছুটে আসা সতীর্থরা। উইলিয়ামসনকে আউট করার পর স্টোকসকে ঘিরে এভাবেই হলো ইংল্যান্ডের উদ্‌যাপন l রয়টার্স

আগের চার দিন রং বদলানো লর্ডস টেস্ট শেষ দিনে বসল রোমাঞ্চের পসরা সাজিয়ে। আর সেই রোমাঞ্চের শেষ হলো ইংল্যান্ডের জয়ে।
কুক ও স্টোকসের সেঞ্চুরিতে ইংল্যান্ড চতুর্থ দিনটা শেষ করেছিল ৬ উইকেটে ৪২৯ রানে। সেখান থেকে কাল সকালের সেশনে ১১ ওভারে আরও ৪৯ রান যোগ করে ইংল্যান্ড যখন অলআউট হলো, নিউজিল্যান্ডের সামনে ৩৪৫ রানের লক্ষ্য, হাতে অন্তত ৭৭ ওভার। লর্ডসে চতুর্থ ইনিংসে তিন শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড একটাই। ১৯৮৪ সালে ডেভিড গাওয়ারের দলের ছুড়ে দেওয়া ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জিতেছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ।
জয় দুঃসাধ্য, তাই টেস্ট বাঁচানোটাই ছিল নিউজিল্যান্ডের বড় চ্যালেঞ্জ। সেটি আরও বড় হয়ে যায় লাঞ্চের আগেই মাত্র ১২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায়। দুই ওপেনার গাপটিল ও ল্যাথাম আউট হয়েছেন স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই। গাপটিলকে আউট করে ক্যারিয়ারের ৩৯৯তম উইকেটটি পান ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। লাঞ্চের পর আবার জোড়া আঘাত। বল হাতেও জ্বলে উঠলেন ব্যাট হাতে সেঞ্চুরিয়ান স্টোকস। পরপর দুই বলে উইলিয়ামসন ও ম্যাককালামকে আউট করে ম্যাচের সম্ভাব্য ফল থেকে নিউজিল্যান্ডের জয়কে একেবারেই মুছে দেন তিনি। কোরি অ্যান্ডারসন নেমে শুধু হ্যাটট্রিকই ঠেকাননি, ওয়াটলিংয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটিতে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। তবে ৩০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডের জয়টা হয়ে দাঁড়ায় শুধুই সময়ের ব্যাপার। শেষ উইকেটে হেনরি ও বোল্ট সাত ওভারেরও বেশি অবিচ্ছিন্ন থেকে সেই সময়টা শুধু একটু দীর্ঘই করতে পেরেছেন। থার্ডম্যানে মঈন আলীর দুর্দান্ত এক ক্যাচে বোল্টকে বিদায় করে উৎসবে মেতেছে ইংল্যান্ড। স্টার স্পোর্টস।