লর্ডসে দক্ষিণ আফ্রিকার আরেক 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি
ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি

লর্ডসে দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে খেলেছে ২০০৩ সালে। ক্রিকেট তীর্থে পরে আরও দুটি ওয়ানডে খেলেছে প্রোটিয়ারা। প্রতিটিতেই হার। এই মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি জিতলেও কেন যেন ওয়ানডেতে জয়ের দেখা পায়নি তারা। লর্ডসে আজ ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সেই অতৃপ্তি ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

ইংল্যান্ডের দেওয়া ১৫৪ রানের সহজ লক্ষ্যটা বাধাই মনে হয়নি দক্ষিণ আফ্রিকার। হাশিম আমলা-কুইন্টিন ডি কক ওপেনিং জুটিতে ৯৫ রান যোগ করে লক্ষ্যটা আরও সহজ করে দেন। ৬ রানের মধ্যে তাই তিন উইকেট হারিয়েও দক্ষিণ আফ্রিকার ইনিংসে বড় কোনো চিড় ধরেনি। জেপি ডুমিনি-এবি ডি ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি ৫৫ রান যোগ করে দলকে অনায়াসে পৌঁছে দিয়েছেন জয়ের প্রান্তে।
১৫০ দূরে থাক, আজ ৫০ রান করা নিয়েই দুশ্চিন্তা ছিল ইংল্যান্ডের। কাগিসো রাবাদা ও ওয়েইন পারনেলের তোপে ২০ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংলিশরা। এত কম রানে ৬ উইকেট হারানোর পর কোথায় থামে ইংল্যান্ড, সেটা দেখার ছিল। তবে সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে ৬২ ও ৫২ রান তুলে সে ধাক্কা কিছুটা সামলে নেয় ইংল্যান্ড। বেয়ারস্টোর ৫১ রান, ডেভিড উইলির ২৬ ও নয় নম্বরে নামা অভিষিক্ত টবি রোনাল্ড-জোনসের অপরাজিত ৩৭ রানে শেষ পর্যন্ত ১৫৩ করে ইংল্যান্ড। কিন্তু এই রানটা যে দক্ষিণ আফ্রিকার সামনে কিছুই নয়, সেটি পরে বুঝেছে।
ম্যাচ হারলেও সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আগের দুই ম্যাচে ইংলিশরা জিতে যাওয়ায় সিরিজের শেষ ম্যাচ ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি অনেক। লর্ডসে প্রথম ওয়ানডে জয় তো আছেই, আমলার দ্রুততম সাত হাজার রান করার রেকর্ডের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির আগে তারা বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস।