লর্ডসে বাংলাদেশের চেয়েও ছোট ভারত

>কাল ৩৫.২ ওভারে ভারত অলআউট হলো ১০৭ রানে। ১০০ বছরের মধ্যে এটি লর্ডসে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস। লর্ডসে অবশ্য একবার ১৭ ওভারেও অলআউট হয়েছিল ভারত
বাংলাদেশের জন্য সেটি ছিল প্রথম ইংল্যান্ড সফর। খেলাও হয়েছে মে-জুনে। আরলি সামার মানেই ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য কঠিনতম। আর ৫ বছর বয়সী একটা টেস্ট খেলুড়ে দলের জন্য সেটি ছিল এশিয়ার চেনা কন্ডিশনের বাইরে মাত্র ১৩তম টেস্ট। সেদিন লর্ডসে বাংলাদেশ ৩৮.২ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। ১০০ বছরের মধ্যে এটি ছিল লর্ডসে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস।
কাল বাংলাদেশের চেয়েও ছোট ইনিংস উপহার দিল ভারত। ৩৫.২ ওভারে অলআউট হলো ১০৭ রানে। লর্ডসের প্রথমে ব্যাট করে সবচেয়ে ছোট ইনিংসটির রেকর্ড জিম্বাবুয়ের। ৩০.৩ ওভারে ৮৩ রানে অলআউট হয়েছিল তারা।
লর্ডসে এর আগে একবার ভারত অলআউট হয়েছিল মাত্র ১৭ ওভারে। তবে সেটি ছিল ম্যাচের তৃতীয় ইনিংস। গতকালের আগ পর্যন্ত ১৯৯০ সালের পর ভারত কখনোই লর্ডসে ৬২ ওভারের নিচে কোনো ইনিংসে অলআউট হয়নি। ২০০০ সাল থেকে কমপক্ষে ৭৭ ওভার ব্যাট করেছে এ মাঠে।
১৯৫২ সালে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের দ্বিতীয় আর নিজেদের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ২১.৪ ওভারে। ২০১৪ সালে ওভাল টেস্টের তৃতীয় ইনিংসে ভারত টিকতে পেরেছিল মাত্র ২৯.২ ওভার। তারপরই কালকের লর্ডস বিপর্যয়। ইংল্যান্ডের যেকোনো মাঠে এটি ভারতের চতুর্থ সংক্ষিপ্ততম ইনিংস।
বৃষ্টির কারণে লর্ডস টেস্টের প্রথম দুই দিনে খেলা হতে পেরেছে ওই ৩৫.২ ওভারই। ভারতের ৬ ব্যাটসম্যান মিলে দলকে দিয়েছেন ১০ রান। আটে নামা অশ্বিন ইনিংস সর্বোচ্চ ২৯ রানের জোগান না দিলে কী যে হতো। ভারতের আর একজনের ব্যাট থেকে ২০-এর বেশি রান এসেছে। বিরাট কোহলি করেছেন ২৩।
আদালতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে দেখে এই টেস্টে বেন স্টোকস নেই। তবে বুড়ো অ্যান্ডারসন একাই ধসিয়ে দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই পেসারের সুইংয়ের উত্তর খুঁজে পায়নি ভারত। অ্যান্ডারসন নিয়েছেন ৫ উইকেট। আর একটি উইকেট হলে লর্ডসে ১০০ উইকেট হয়ে যাবে তাঁর। টেস্ট ইতিহাসে কোনো পেসারের এক মাঠে উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড।
লর্ডসে ১০০ বছরে প্রথমে ব্যাট করা সংক্ষিপ্ত ইনিংস | ||||
দল | ওভার | স্কোর | সাল | ফল |
জিম্বাবুয়ে | ৩০.৩ | ৮৩ | ২০০০ | হার |
ভারত | ৩৫.২ | ১০৭ | ২০১৮ | - |
বাংলাদেশ | ৩৮.২ | ১০৮ | ২০০৫ | হার |
অস্ট্রেলিয়া | ৪০.২ | ১৯০ | ২০০৫ | জয় |
ইংল্যান্ড | ৪২.৩ | ৭৭ | ১৯৯৭ | ড্র |