লর্ডসে ভারত জিতবে, আগেই জানতেন টেন্ডুলকার
লর্ডসে শেষ দিনের শুরুতেও খানিকটা এগিয়ে ছিল ইংল্যান্ডই। তবে শিগগির বদলে গেছে দৃশ্যপট, ইংল্যান্ডকে লড়াই থেকে ছিটকে দেওয়ার প্রথম কাজটা করেছিলেন যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। নবম উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়া ভারত এরপর পেসারদের দুর্দান্ত বোলিংয়ে পেয়েছে স্মরণীয় এক জয়। অবশ্য শচীন টেন্ডুলকার বলছেন, টসের পর থেকেই ভারতের জয় আঁচ করতে পেরেছিলেন তিনি। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের নেওয়া সিদ্ধান্তই ছিল টেন্ডুলকারের কাছে ইঙ্গিত।
আগে ব্যাটিং করা ইংল্যান্ডকে হতাশ করার প্রথম কাজটা করেছিলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। এ দুজনের ওপেনিং জুটিতেই শক্ত ভিত পেয়েছিল ভারত। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার জানান, ভারতের জয়ের কথা টেস্টের প্রথম দিনের পরই বলেছিলেন তিনি, ‘টস জিতে জো রুটের ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত অবাক করেছিল। আমার মনে হয়েছিল, আমাদের বোলিং আক্রমণ নিয়ে ইংল্যান্ড চিন্তিত বলেই এমন সিদ্ধান্ত। শুক্রবার (টেস্টের দ্বিতীয় দিন) সকাল আটটার দিকে এক বন্ধুকে মেসেজে জানিয়েছিলামও, আবহাওয়া ঠিকঠাক থাকলে এ ম্যাচটা জিততে চলেছি আমরা।’
পুরো টেস্টেই লর্ডসের উইকেট ছিল শুষ্ক। এমন উইকেটে আগে ফিল্ডিং করাটা ইংল্যান্ডের জন্য বুমেরাং হয়েছে বলেই মনে করেন ভারতের কিংবদন্তি। অবশ্য রাহুল ও রোহিতকেও কৃতিত্ব দিয়েছেন তিনি। এর বিপরীতে ইংল্যান্ডের ব্যাটিংয়ে রুট ছাড়া ধারাবাহিকভাবে ভালো করার মতো তেমন কাউকেও নজরে পড়ছে না টেন্ডুলকারের।
ইংল্যান্ডের এমন ব্যাটিং লাইন–আপের কারণেও রুটের টসে জিতে নেওয়া সিদ্ধান্তের পেছনে কারণ হতে পারে বলে মনে করেন তিনি, ‘এই ইংল্যান্ড দলের ধসের একটা ইতিহাস আছে। আমার মনে হয় এখানেই তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। তাদের ব্যাটিংয়ে তাকালে কজনকে দেখে মনে হবে যে একটা বড় সেঞ্চুরি করতে পারবে? আমার মনে হয় না এ দলে জো রুট ছাড়া আর কেউ আছে অমন।’
অতীতে ইংল্যান্ড এমন ছিল না বলেও মত তাঁর, ‘ইংল্যান্ডে অ্যালেস্টার কুক বলুন বা মাইকেল ভন, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জোনাথন ট্রট, অ্যান্ড্রু স্ট্রাউসের মতো ব্যাটসম্যান ছিল। এখনো হয়তো কেউ হুট করে একটা সেঞ্চুরি পেতে পারে, তবে ধারাবাহিকভাবে? রুট ছাড়া তো কাউকে দেখি না। তাদের ব্যাটিংয়ের এমনই বেহাল দশা। হয়তো এ কারণেই রুট প্রথমে ফিল্ডিং নিয়েছে।’
প্রথম ইনিংসে চাপে পড়েও দারুণ এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে লিড এনে দিয়েছিলেন রুটই। তবে রুট যেমন দারুণ ফর্মে আছেন, বিপরীতে এখনো জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। টানা সাত ইনিংস ফিফটি পাননি ভারত অধিনায়ক।
টেন্ডুলকার বলছেন, কোহলির সমস্যাটা মানসিকই, ‘বিরাটের শুরুটা ভালো হয়নি। তবে টেকনিকে ভুল তো হয় মানসিক অবস্থার কারণেই। ভালো শুরু করতে না পারলে আপনার মাথায় অনেক ভাবনা আসবে। কারণ, এসব নিয়ে উদ্বিগ্ন থাকলে পা নড়াচড়ার ক্ষেত্রে আপনি বেশি সতর্ক হয়ে পড়বেন। ফর্মে না থাকলে হয় ব্যাটসম্যান বেশি সামনে গিয়ে খেলে, অথবা পা নড়েই না। এটা যে কারও সঙ্গেই হতে পারে। ফর্ম হচ্ছে শরীর আর মনের একসঙ্গে কাজ করার ফল।’
কোহলি রান না পেলেও অবশ্য সমস্যা হয়নি ভারতের। রাহুলের সেঞ্চুরির পর পেসাররা এনে দিয়েছেন জয়। টেন্ডুলকারের মতে, ভারতের এ বোলিং আক্রমণ এখন বিশ্বেরই সেরা।