
অন্য কোনো সময় হলে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে একটু দুশ্চিন্তায় থাকতেন জো রুট? হয়তো। অধিনায়কত্ব হারানোর ভয় থাকত যে!
বোঝা যাচ্ছে না তো ব্যাপারটা? একটু খোলাসা করা যাক। একেবারে সাম্প্রতিক অতীতের অ্যালিস্টার কুক আর কেভিন পিটারসেন ব্যতিক্রম। কিন্তু তাঁদের পূর্বসূরি অ্যান্ডু স্ট্রাউস, মাইকেল ভন আর নাসের হুসেইন—তিনজনের অধিনায়কত্বের ক্যারিয়ার শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে! জো রুটের এই দুশ্চিন্তা নেই। তাঁর ক্ষেত্রে হচ্ছে বরং উল্টোটা। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই তাঁর টেস্ট অধিনায়কত্বে অভিষেক হচ্ছে। চার টেস্টের এই সিরিজ দিয়েই তো আর ‘রুট-যুগ’ শেষ হয়ে যাবে না!
ঘটনাচক্রে এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগারেরও। পার্থক্য হলো, রুটকে অনেক পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদের কথা ভেবে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড বোর্ড, আর এলগার করছেন ‘ঠেকার কাজ’। এবি ডি ভিলিয়ার্স গত বছর জানুয়ারির পর টেস্ট থেকে স্বেচ্ছাবিশ্রামে। তাঁর জায়গায় নেতৃত্ব পাওয়া ফাফ ডু প্লেসিও এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সদ্যোজাত সন্তান আর স্ত্রীর পাশে থাকবেন বলে। ফলাফল লর্ডসে আজ সিরিজের প্রথম টেস্টে একই সঙ্গে অধিনায়ক হিসেবে দুজনের অভিষেক দেখবে ক্রিকেট-বিশ্ব। এলগার অবশ্য মাত্র একটি টেস্টেই নেতৃত্ব দেবেন। ১৪ জুলাই ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দেওয়ার কথা ডু প্লেসির।
আলোটা অবশ্যই রুটের ওপর বেশি। তাঁর আগে যিনি অধিনায়ক ছিলেন, সেই অ্যালিস্টার কুক গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়েছেন ইংল্যান্ডকে সবচেয়ে বেশি টেস্টে (৫৯) নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়ে। রুটের অধীনে আসলেই তাই নতুন একটা যুগের সূচনা হচ্ছে ইংল্যান্ডের।
ইয়র্কশায়ার একাডেমির এক প্রতিভাবান ক্রিকেটার থেকে সর্বশেষ এক দশকে রুট শুধু ইংল্যান্ডের মূল ব্যাটসম্যানই হয়ে ওঠেননি, তাঁর নাম এখন উচ্চারিত হয় সময়ের সেরা ব্যাটসম্যানদের সঙ্গেও। যাঁদের সঙ্গে উচ্চারিত হয়; সেই বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনেরা অধিনায়কত্বের চাপটা নিয়েই ব্যাটসম্যান হিসেবে নিজেদের আলাদা করেছেন অন্যদের চেয়ে। রুটকে এত দিন সেই চাপটা নিতে হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা দিয়েই তাই রুটের একটা নতুন পরীক্ষা শুরু হচ্ছে। তবে ২৬ বছর বয়সী রুট সেই পরীক্ষায় দারুণভাবেই সফল হবেন বলে মনে করেন ইংল্যান্ডের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিস, ‘ব্যাটসম্যান রুটের ক্রিকেট-দর্শন যে রকম, সে যতটা স্বচ্ছন্দ ও ইতিবাচক থাকে, আমার মনে হয় অধিনায়ক হিসেবেও সে দলটাকে সেভাবেই নেতৃত্ব দেবে।’
শুধু কোচ নন, রুটের সতীর্থরাও খুবই আশাবাদী তাঁকে নিয়ে। কুকের পর অধিনায়ক হওয়ার দৌড়ে রুটের সঙ্গে যাঁর নাম শোনা যাচ্ছিল সেই স্টুয়ার্ট ব্রডও বলেছেন, ‘জো-ই আসলে কুকের যোগ্য উত্তরসূরি। ক্রিকেটার হিসেবে সে আক্রমণাত্মক। আর ও যেহেতু আক্রমণাত্মক খেলতে পছন্দ করে, দলটাও ও রকমই হবে।’
রুট পারবেন কি পারবেন না, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হচ্ছে। তবে তাঁর চ্যালেঞ্জটা যে বেশ কঠিন, তা এখনই বোঝা যাচ্ছে। গত বছর ১৭টি টেস্ট খেলে ইংল্যান্ড জিতেছে মাত্র ৬টি, হেরেছে ৮টি। ভারতে সর্বশেষ টেস্ট সিরিজে হারতে হয়েছে ৪-০ ব্যবধানে। বছর পাঁচেক আগে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ইংল্যান্ড এখন চারে। রুট কি পারবেন হারানো সেই সিংহাসনে ইংল্যান্ডকে ফিরিয়ে নিতে? এএফপি, ক্রিকইনফো।