লর্ডসে সেঞ্চুরি করে মানকড়–শাস্ত্রীর পাশে রাহুল
টেস্টে দেশের বাইরে সর্বশেষ সেঞ্চুরি ভারতের কোন ওপেনারের?
২০১৮ সালে ওভালে সেই সেঞ্চুরি লোকেশ রাহুলের। কিন্তু উত্তরটা ভুল হলো। দেশের বাইরে সেটি ভারতের কোনো ওপেনারের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি নয়। কার্ল লর্ডসে ওপেনারের কাছ থেকে সেঞ্চুরির দেখা পেয়েছে ভারত। সেই ওপেনারও রাহুল।
ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৬ রান নিয়ে লর্ডস টেস্টে প্রথম দিনের খেলা শেষ করে ভারত।
লর্ডসে ভারতের খুব বেশি ওপেনার সেঞ্চুরি পাননি। সাকল্যে তিনজন এই তিন অঙ্কের ইনিংসের দেখা পেয়ে নাম তুলতে পেরেছেন অনার্স বোর্ডে। ২৪৮ বলে ১২৭ রানে অপরাজিত থাকা রাহুল এর মধ্যে সর্বশেষ সংযোজন।
১৯৫২ সালে ভারতের ওপেনারদের মধ্যে লর্ডসে প্রথম সেঞ্চুরি তুলে নেন ভিনু মানকড়। ৩৮ বছর পর দ্বিতীয় ওপেনার হিসেবে সেখানে সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলিদের বর্তমান কোচ রবি শাস্ত্রী। এর ৩১ বছর পর তৃতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন লোকেশ রাহুল।
দারুণ ধৈর্য ও দক্ষতার মিশেলে সেঞ্চুরিটি করেন এ ব্যাটসম্যান। ভারতের ধারাভাষ্যকার হর্শা ভোগলের ভাষায়, ‘প্রথম ২০ রান এসেছে ১০৫ বলে। এরপর ক্রিজটা সে নিজের করে নেয়।’
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে এশিয়ার বাইরে সেঞ্চুরির তালিকায় বীরেন্দর শেবাগকেও ছুঁয়ে ফেলেন রাহুল। ওপেন করতে নেমে এশিয়ার বাইরে দুজনই চারটি করে সেঞ্চুরি করেছেন। ১৫ সেঞ্চুরি নিয়ে এ তালিকার শীর্ষে সুনীল গাভাস্কার।
নটিংহামে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৮৪ রানে আউট হয়েছিলেন রাহুল। সে ইনিংসে দুটি ‘জীবন’ পেলেও কাল সেঞ্চুরির পথে বড় কোনো ভুল করেননি ডানহাতি এ ব্যাটসম্যান। ওপেনার রোহিত শর্মার সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন তিনি। ২০০৭ সালে ইংল্যান্ড সফরের পর ওপেনিং জুটিতে এই প্রথম শতরানের দেখা পায় ভারত।