লর্ডসে সেঞ্চুরির বাড়তি মাহাত্ম্য দেখেন না গাভাস্কার
লর্ডসের অনার্স বোর্ড। যেকোনো ক্রিকেটার এই বোর্ডে নাম লেখানোর জন্য উন্মুখ হয়ে থাকেন। লর্ডসে খেলতে নেমে সেঞ্চুরি করলে বা ইনিংসে পাঁচ উইকেট পেলে তাঁদের নাম লেখানোর জন্য ব্যবস্থা করে রেখেছে ক্রিকেট–তীর্থ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে যে সুযোগটা একটুর জন্য নিতে পারেননি রোহিত শর্মা।
ক্রিকেটের একটি অদ্ভুত রেকর্ড ছিল রোহিত শর্মার কাছে। ঘরের মাঠে ব্যাটিং গড় ও প্রতিপক্ষের মাঠে ব্যাটিং গড়ের পার্থক্যে রোহিতের ধারেকাছে ছিল না। এ পরিসংখ্যানের অন্য অর্থ হলো—ঘরের মাঠে প্রতাপশালী বাঘ রোহিত বাইরের মাঠে বিড়ালে পরিণত হন। ধীরে ধীরে সে অবস্থা কাটিয়ে উঠেছেন রোহিত। প্রতিপক্ষের মাঠে অবশ্য এখনো সেঞ্চুরি করা হয়নি তাঁর। উত্তরসূরি খুব শিগগির এটা করবেন বলে আশাবাদী সুনীল গাভাস্কার। সে কথা জানাতে গিয়েই লর্ডসে সেঞ্চুরি না নিয়ে আফসোস করতে মানা করে দিয়েছেন এই কিংবদন্তি।
লর্ডসে সেঞ্চুরি পাওয়া সব ব্যাটসম্যানেরই স্বপ্ন। ভারতের হয়ে এ কাজ তিনবার করেছেন দিলীপ ভেংসরকর। রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী বা রবি শাস্ত্রীরও আছে সে কীর্তি। বর্তমান দলের অজিঙ্কা রাহানের আছে। এবার তো লোকেশ রাহুলও যোগ দিয়েছেন সে তালিকায়। মজার ব্যাপার, শচীন টেন্ডুলকার এ তালিকায় নেই। নেই গত প্রজন্মের অন্য ব্যাটিং বিস্ময় ব্রায়ান লারাও। এ দুজনের নাম বলে একটু থেমে যার নাম তোলা যেত, সেই রিকি পন্টিংও লর্ডসে কখনো সেঞ্চুরি পাননি।
ভারতের হয়ে দীর্ঘদিন ইনিংস উদ্বোধন করেও লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠেনি টেস্টে ৩৪টি সেঞ্চুরির মালিক গাভাস্কারের। রোহিত শর্মাকেও তাই এ নিয়ে ভাবতে মানা করে দিয়েছেন। বলেছেন, দলকে জেতাতে পারাটাই বড়, ‘ট্রেন্টব্রিজে সেঞ্চুরি করো, লিডসে করো কিংবা ভারতের হয়ে বিশ্বের যেকোনো প্রান্তে সেঞ্চুরি করো, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সে যেভাবে এখন ব্যাট করছে। যেমন খেলছে, নিজেকে যেভাবে মানিয়ে নিচ্ছে উইকেটে, তাতে মনে হচ্ছে, যেকোনো সময় সেঞ্চুরি পেয়ে যাবে।’
লর্ডসের প্রথম ইনিংসে ৮৩ রান তুলেছিলেন রোহিত। তাঁর সঙ্গে রাহুলের ইনিংস মিলেই ১৫১ রানের ভিত পেয়েছে ভারত। লর্ডসে মেঘাচ্ছন্ন পরিবেশে ভারতের দুই ওপেনার যেভাবে খেলেছেন, তাতে মুগ্ধ গাভাস্কার, ‘পাঁচ দিনের টেস্ট ম্যাচে কারও কোনো ধারণা থাকে না উইকেট কেমন আচরণ করবে, সেখানে বাড়তি কিছু আছে কি না, বল বাড়তি বাউন্স করবে কি না, এ কারণে কিছু সময় নিতে হয়। প্রথম ইনিংস রোহিত যা দেখিয়েছে, এভাবেই সেটা করতে হয়।’
এভাবে ব্যাট করছেন বলেই ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছেন গাভাস্কার, ‘কোন শট খেলতে হবে, কোনটা হবে না—কাজটা দারুণভাবে করেছে। অফ স্টাম্পের একদম কাছের অনেক বল সে ছেড়েছে। এই সমন্বয়টা মানসিক এবং রোহিত সেটা করে নিয়েছে। এটাই একজন খেলোয়াড় নিয়ে আশা বাড়িয়ে দেয়। যদি একজন খেলোয়াড় পান, যে নিশ্চিতভাবে ৮০ রান এনে দেবে। তাহলে পাঁচ ম্যাচের সিরিজে ৪০০-৪৫০ রান করবে। একজন অধিনায়কের এর বেশি আর কী দরকার? সেঞ্চুরি না পাওয়ায় সে হয়তো হতাশ, কিন্তু লর্ডসে সেঞ্চুরি পাওয়াটাই সবকিছু না।’