লর্ডসের যে রেকর্ডও ভুলে যেতে চাইবেন শাহাদাত

নিজের সাম্প্রতিক সময়টিই হয়তো জীবন থেকে পারলে মুছে দেন শাহাদাত হোসেন। গৃহ পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে ঘুরে এসেছেন শ্রীঘরে। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ক্রিকেট থেকেই নির্বাসিত জীবন কাটাতে হবে। অখণ্ড অবসরে হয়তো মনে পড়ছে জাতীয় দলের হয়ে খেলার নানা স্মৃতি। ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক-কীর্তি তাঁরই।
২০১০ সালে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে ‘অর্ডিনারি’ বলা বীরেন্দর শেবাগকে বোল্ড করার পর সেই বুনো উল্লাসও তো ভুলে যাওয়ার মতো নয়। কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঝোড়ো বোলিং? শাহাদাত সেদিন প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়াদের। প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হয়েও বাংলাদেশ পেয়েছিল ২২ রানের লিড।
অখণ্ড অবসরের এই দিনগুলোতে টিভিতে যদি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি দেখে থাকেন, শাহাদাতের আরও একটি স্মৃতি মনে পড়ে যাবে। সেটিকে অবশ্য দুঃসহ স্মৃতি বলাই ভালো। হোবার্ট টেস্টে বেধড়ক মার খেয়েছেন জেরোম টেলর। ১৭ ওভারে ১০৮ রান দিয়ে উইকেটশূন্য। ২০০৫ সালে শাহাদাতও বোলিং রান দেওয়ার সেঞ্চুরি করে ফেলেছিলেন। সেটিও মাত্র ১২ ওভারে। টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে ইকোনমি রেটের বোলিং এটাই। ওভারপ্রতি রান ৮.৪১! টেস্ট ইতিহাসেই কমপক্ষে ৬০টি বল করেছেন এমন বোলারদের মধ্যে ৮-এর ঘরের ইকোনমি রেট আছে আর মাত্র দুজনের। শাহাদাত অবশ্য বলতে পারেন, ‘এঁদের একজন কিন্তু অ্যালান ডোনাল্ডও!’
শাহাদাত আরও সান্ত্বনা পেতে পারেন এই তালিকায় তাঁর সঙ্গীদের নামগুলো দেখে। ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দেওয়ার এই তালিকায় শীর্ষ দশে ডোনাল্ড ছাড়াও আছেন ইমরান তাহির, ল্যান্স ক্লুজনার ও হিথ স্ট্রিকের মতো বোলাররা। আছেন শাহাদাতের সাবেক সতীর্থ মোহাম্মদ শরীফও। শরীফ ২০০১ সালের সেপ্টেম্বরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে রান দিয়েছিলেন ওভারপ্রতি ৭.০৫। ১৭ ওভার বল করে তাঁর খরচ ছিল ১২০ রান।
১০০ রান দিয়েও উইকেটশূন্য এমন ইনিংসগুলোর সবচেয়ে বাজে ইকোনমি রেটের তালিকায় প্রথম পাঁচজনের তিনজনই বাংলাদেশের। শাহাদাত-শরীফের সঙ্গে আছেন প্রায় ভুলে যাওয়া একটি নাম-আনোয়ার হোসেন মনির। মনিরের ‘কীর্তি’টিও ওই ইংল্যান্ড সফরেই।
টেস্টে ১০০ রান দিয়েও উইকেটশূন্য থাকার ঘটনা ৪০০ বার ঘটেছে। এই ‘নির্মমতা’র শিকার হয়েছেন ২৮৩ জন বোলার। স্বাভাবিকভাবেই বেশ কজনের এই অভিজ্ঞতা একাধিকবার হয়েছে। প্রথম দুটো নামই দুই ভারতীয়র। ভারতের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক অনিল কুম্বলে তাঁর ক্যারিয়ারে ছয়বার ১০০ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন। ইশান্ত শর্মা এরই মধ্যে প্রায় ধরেই ফেলেছেন কুম্বলেকে। এমন অভিজ্ঞতা তাঁর হয়েছে পাঁচবার।
১০০ রান দিয়ে কেউ উইকেটশূন্য থাকলেই কি শাহাদাতের সেই দুঃসহ স্মৃতি মনে পড়ে? তাহলে বলতেই হচ্ছে, এই বছর বারবার লর্ডস–স্মৃতি ফিরে এসেছে। কেবল এই বছরই যে এমন ঘটনা ঘটেছে ১১ বার। এর মধ্যে বছরের শেষ তিন মাসেই পাঁচবার!