ইমরুলের চোট কতটা গুরুতর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরুল কায়েস। ফাইল ছবি
ইমরুল কায়েস। ফাইল ছবি

লাঞ্চের সময় শেষ। তবু মাঠে নামছে না কোনো দল। শুরু হচ্ছে না খেলা। ব্লুমফন্টেইনের প্রেসবক্সে কৌতূহল। কেন খেলা শুরু হতে এই দেরি?

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নে দক্ষিণ আফ্রিকা মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে কৌতূহল মেটালেন দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার লরেটো মালেকুটু। খেলা শুরু হতে দেরির কারণ, বাংলাদেশ দলের লাঞ্চ মাঠে এসে পৌঁছেছে দেরিতে। বাংলাদেশ দলের পক্ষ থেকে প্রতিদিন লাঞ্চের জন্য হালাল খাবার দিতে বলা আছে। কিন্তু আজ সেই খাবার একটু দেরিতে পৌঁছানোতেই লাঞ্চ বিরতির পর খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর।

দিনের খেলা শেষ হওয়ার সময়টাও ম্যাচ রেফারি নির্ধারণ করবেন সেভাবেই।

লাঞ্চের পর বাংলাদেশের জন্য বাড়তি দুঃসংবাদ হয়ে এসেছিল ইমরুল কায়েসের চোট। মোস্তাফিজের বল মার্করামের ব্যাট ছুঁয়ে ধেয়ে এল স্লিপের দিকে। ইমরুল ডাইভের মতো দিলেন। কিন্তু বল একটু সামনে পড়ে আঘাত করল হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল। মেডিকেল কিট ব্যাগ নিয়ে মাঠে ছুটতে হলো বাংলাদেশ দলের ফিজিওকেও।

বাংলাদেশ শিবিরে তখন চরম দুশ্চিন্তা। তামিম ইকবালের পর তবে কি ইমরুলও! ফিজিওর কাঁধে ভর দিয়ে তাঁর মাঠ ছাড়ার দৃশ্য চিন্তাটা আরও বাড়িয়ে দিচ্ছিল। তবে দল সূত্রে পাওয়া সর্বশেষ সংবাদ—ইমরুলের চোট আপাতদৃষ্টিতে গুরুতর নয়। এই মুহূর্তে ড্রেসিংরুমে ব্যথা পাওয়া জায়গায় বরফ লাগাচ্ছেন। হয়তো চা বিরতির পরই আবার ফিল্ডিংয়ে দেখা যাবে ইমরুলকে। মাঠে ঠিকমতো না নামলে আবার শুরুতে ব্যাটিংয়ের ঝামেলায় পড়ে যাবেন।