লাঞ্চের আগেই খুলনার হ্যাটট্রিক শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপাজয়ী খুলনা বিভাগ। সৌজন্য ছবি
১৯তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপাজয়ী খুলনা বিভাগ। সৌজন্য ছবি

খুলনার শিরোপা জেতাটা নিশ্চিতই ছিল। দেখার বিষয় ছিল ঢাকা অবনমন এড়াতে পারে কি না। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলার শেষ দিনে ‘লজ্জা’ এড়াতে পারল না ঢাকা। ইনিংস ও ৪৯ রানে হেরে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে নেমেছে মোহাম্মদ শরিফের ঢাকা। একই সঙ্গে টানা তৃতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা ধরে রাখল আবদুর রাজ্জাকের খুলনা।

দলের শক্তি বিচারে খুলনা যেন ‘অল স্টার’ টিম। শেষ ম্যাচেও সাবেক ও বর্তমান মিলিয়ে ১১ জন জাতীয় দলের ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছিল রাজ্জাকের দল। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১১৩ রানে গুটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে রান উৎসব করেছে খুলনা। ফর্মহীনতায় ভুগতে থাকা সৌম্য সরকার ৩০ রানে ফিরলেও এনামুল হক বিজয় আর মেহেদী হাসান মিলে ২৯৫ রানের জুটি গড়েছিলেন। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয়, আউট হয়েছেন ২০২ রানে। বিপিএলে ‘বোলার’ তকমা পেয়ে যাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান মেহেদী করেছেন ১৭৭ রান। ৮ উইকেটে ৪৫৯ রানে ইনিংস ঘোষণা করে গতবারের চ্যাম্পিয়নরা।

ইনিংস পরাজয় এড়াতেই আরও ৩৪৬ রান দরকার ছিল ঢাকার। গতকাল দিন শেষে ১৬৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল তারা। ম্যাচের চিন্তা দূরে থাক, অবনমনের লজ্জা এড়াতে পঞ্চম দিন পার করতে হতো তৈয়ব-নাদিফদের। শেষ দিনে মিরাজ আর রুবেল হোসেনের বোলিং তোপে প্রতিরোধ গড়া হয়নি ঢাকার। জাতীয় দলের দুই নিয়মিত বোলার নিয়েছেন ৩টি করে উইকেট। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

টানা তিন মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন দল খুলনা বিভাগ। গত কয়েক বছরে দেশের ক্রিকেটের অধিকাংশ সফল ক্রিকেটারই উঠে এসেছেন এই অঞ্চল থেকে। সৌম্য-এনামুলদের পর ব্যাট হাতে স্বপ্ন দেখাচ্ছেন মেহেদি-মোহাম্মদ মিথুনরা। এককালে রাজশাহী বিভাগের একক আধিপত্যের যুগ শেষ করে নিজেদের সাম্রাজ্য কায়েম করেছে খুলনা।

জাতীয় ক্রিকেট লিগে রোল অব অনার

মৌসুম

চ্যাম্পিয়ন

রানার-আপ

১৯৯৯-০০*

চট্টগ্রাম

সিলেট

২০০০-০১

বিমান

চট্টগ্রাম

২০০১-০২

ঢাকা বিভাগ

রাজশাহী

২০০২-০৩

খুলনা

ঢাকা বিভাগ

২০০৩-০৪

ঢাকা বিভাগ

সিলেট

২০০৪-০৫

ঢাকা বিভাগ

রাজশাহী

২০০৫-০৬

রাজশাহী

চট্টগ্রাম

২০০৬-০৭

ঢাকা বিভাগ

রাজশাহী

২০০৭-০৮

খুলনা

রাজশাহী

২০০৮-০৯

রাজশাহী

বরিশাল

২০০৯-১০

রাজশাহী

চট্টগ্রাম

২০১০-১১

রাজশাহী

ঢাকা বিভাগ

২০১১-১২

রাজশাহী

খুলনা

২০১২-১৩

খুলনা

ঢাকা বিভাগ

২০১৩-১৪

ঢাকা বিভাগ

রাজশাহী

২০১৪-১৫

রংপুর

খুলনা

২০১৫-১৬

খুলনা

ঢাকা মহানগর

২০১৬-১৭

খুলনা

ঢাকা বিভাগ

২০১৭-১৮

খুলনা

নির্ধারিত হয়নি