লাম্বা থেকে হিউজ
ঢাকা, ফেব্রুয়ারি ১৯৯৮। সিডনি, নভেম্বর ২০১৪। মাঝখানে ১৬ বছরের ব্যবধান। রমণ লাম্বা থেকে ফিল হিউজ। সেতুবন্ধ ক্রিকেট। আর এই রোমাঞ্চকর খেলাটির মধ্যেই আততায়ীর মতো লুকিয়ে থাকা মৃত্যু মিলিয়ে দিল দুজনকে।
১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে বলের আঘাত পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যু হয়েছিল ভারতীয় ক্রিকেটার রমণ লাম্বার। ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন আবাহনীর ভারতীয় ক্রিকেটার লাম্বা। মোহামেডান ওপেনার মেহরাব হোসেনের ওপর চাপ সৃষ্টি করতে হঠাৎই তাঁকে ওই জায়গাটায় নিয়ে আসেন আবাহনীর অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ। হেলমেট নিতে বললেও লাম্বা তা নেননি। নির্ভীক লাম্বা বলেছিলেন, মাত্রই তো তিনটি বলের ব্যাপার, লাগবে না! বাঁহাতি স্পিনার সাইফুল্লাহ জেম তাঁর ওভারের চতুর্থ বলটি ভাসিয়ে দিলেন বাতাসে। সজোরে পুল করলেন মেহরাব। বল লাগল লাম্বার বাঁ কানের ওপরে কপালের নিচের অংশে, চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যেটি টেম্পল। বলে এতই জোর ছিল যে, লাম্বার মাথায় আঘাত পেয়েও ক্যাচ উঠল। দৌড়ে এসে ক্যাচটি লুফে নিলেন মাসুদ। সবাই যখন প্রতিপক্ষের বিপজ্জনক ব্যাটসম্যানটিকে আউট করার আনন্দ উদ্যাপন করছেন, লাম্বা মাটিয়ে লুটিয়ে কাতরাচ্ছেন। না, কোনো স্ট্রেচার গাড়ি আসেনি। দু-তিনজন সতীর্থ খেলোয়াড়ের সাহায্যে মাঠ ছেড়ে যান ড্রেসিংরুমে। আপাতগুরুতর মনে না-হওয়া আঘাতই পরে সংকটাপন্ন অবস্থায় লাম্বাকে নিয়ে তোলে একটি ক্লিনিকে। তারপর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল)। সেখানে অস্ত্রোপচার করা হলো, কিন্তু লাম্বা আর ফিরলেন না। তিন দিন পর ২৩ ফেব্রুয়ারি তাঁর আইরিশ স্ত্রী কিম ও বোন ভিকি দিল্লিতে ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর লাশ।
রমণ লাম্বার যখন মৃত্যু হয়, ফিলিপ জোয়েল হিউজ তখন ১০ বছরের বালক। লাম্বার মৃত্যুর ব্যাপারটি জেনেও হিউজ হাতে তুলে নিয়েছিলেন ক্রিকেট। লাম্বার মতোই সাহসী হিউজ জানতেন, ক্রিকেটের লাল কিংবা সাদা বল একটা নীরব ঘাতকও। কিন্তু ওটা তো ব্যাট দিয়ে পেটানোরই জিনিস! গত মঙ্গলবার, ২৫ নভেম্বর, নিউ সাউথ ওয়েলসের বোলারদের বলগুলোকে যোগ্য পাওনা মিটিয়ে দিচ্ছিলেন সেই সাহস ও আত্মবিশ্বাস নিয়েই। কিন্তু কোত্থেকে এসে ছোবল দিল মৃত্যু। শন অ্যাবোটের বাউন্সারটা লাগল বাঁ কানের পাশে, ঘাড়ে। লুটিয়ে পড়লেন মাটিতে। সেখান থেকে অচেতন অবস্থায় হাসপাতাল। দুদিন পরই হিউজ না-ফেরার দেশে।
ক্রিকেটের পৃথিবী আবার শোকাচ্ছন্ন। ঢাকা-সিডনি, কিংবা অস্ট্রেলিয়া-বাংলাদেশ-ভারতের অনুভূতি আবারও এক। কিন্তু অশ্রুবিন্দুগুলো শুকিয়ে গেলে এই নির্মম ক্রিকেটকেই আবারও কী রোমাঞ্চকর মনে হবে! ক্রিকেট যে জীবনেরই জলছবি।