লারা-ক্লার্কের হতাশা সিমন্সেরও
ব্রায়ান লারা কথাটা বলেছিলেন একটু কঠিন ভাষাতেই। ক্যারিবীয় ক্রিকেটের সাম্প্রতিক দৈন্যদশায় ব্যথিত ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি প্রশ্ন তুলেছিলেন এখনকার অনেক ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়ের দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ তাঁর দল নয়, সে জন্য লারার মতো এতটা কঠোর কথা বলেননি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে তাঁর বক্তব্যের মূল সুরটাও একই রকম। যখন দেশের হয়ে খেলার চেয়ে কোনো খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটাকে প্রাধান্য দেন, সেটি খুব হতাশাজনক বলে মন্তব্য করেছিলেন ক্লার্ক। এবার একই রকম হতাশা ব্যক্ত করলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সও।
একসময়ের প্রবল প্রতাপশালী দলটি এখন তাদের সোনালি অতীতের ছায়া। তিন টেস্ট সিরিজের প্রথমটিতে হোবার্টে তিন দিনেই অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই টেস্টে ছবিটা বদলানোর সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এদিকে ওয়েস্ট ইন্ডিজ যখন অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলছে, তখন সেই অস্ট্রেলিয়াতেই ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, ড্যারেন স্যামিরা খেলছেন বিগ ব্যাশে। তাহলে কি দেশের চেয়ে তাঁদের কাছে ফ্র্যাঞ্চাইজি বড়? এই প্রশ্নটা তুলেছিলেন লারা। ক্লার্ক বলেছিলেন, ব্যাপারটা খুব হতাশাজনক।
শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বক্সিং ডে টেস্ট। এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ কোচ সিমন্স যা বললেন তাতেও পাওয়া গেল একই সুর, ‘আমি খুব হতাশ। আন্দ্রে (রাসেল) ১৪০ কিলোমিটার গতিতে বল করছে, ব্রাভো তিন-চারটি ছক্কা মারছে, ক্রিস ছন্দে আছে—এসব দেখতে ভালো লাগছে। কিন্তু হতাশাজনক হচ্ছে, এরা ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নেই!’
সিমন্স অবশ্য দায়টা শুধুই খেলোয়াড়দের ওপর চাপাচ্ছেন না, ‘এটা তো অনেক দিন ধরেই হয়ে আসছে। কীভাবে এটা সমাধান করা যায় সেটি শুধু বোর্ড প্রশাসনের হাতে।’ ক্রিকইনফো।