লারাকেও ছাড়েননি গেইল

‘বইয়ের কাটতি বাড়াতে কিছু বিতর্কের গন্ধ ছড়াও’—কোনো মনীষী বলেছেন কিনা জানা নেই, কিন্তু পাঠককুলে এটি ধ্রুব সত্য। আত্মজীবনীমূলক বই হলে তো কথাই নেই। যত বিতর্ক, তত আলোচনা, তত কাটতি। ক্রিস গেইল সে পথেই এগিয়েছেন। ২ জুন প্রকাশিত হয়েছে গেইলের আত্মজীবনী সিক্স মেশিন। প্রকাশের আগেই বইয়ের বিভিন্ন অংশ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল, উঠেছিল আলোচনার ঝড়। এবার নতুন বিতর্ক ব্রায়ান লারাকে নিয়ে। ২০০৫ সালে অ্যান্টিগা টেস্টে ৩১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন গেইল। গেইলের দাবি, তাঁর ওই ইনিংস দেখে ব্রায়ান লারা চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর ৪০০ রানের রেকর্ডটি নিয়ে! বইয়ের নির্বাচিত ওই অংশ:
‘কিছু কিছু খেলোয়াড় আসলেই রেকর্ড নিয়ে ভাবে। ওই ম্যাচে ব্রায়ান লারা ৪ রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমে বসেছিল। তারপর একটি বই পড়তে শুরু করল। মাঝে মাঝে উঠে এসে ব্যালকনিতে বের হচ্ছিল, স্কোরবোর্ডের দিকে খানিকক্ষণ তাকিয়ে আবারও ফিরছিল। যতই তার রেকর্ডের কাছাকাছি চলে যাচ্ছিলাম, খুব চিন্তিত দেখাচ্ছিল তাকে।
আমি যখন মধ্যাহ্ন ও চা-বিরতিতে ফিরলাম, আমার সঙ্গে কোনো কথাই বলল না। কোনো উপদেশ নেই, কোনো “চালিয়ে যাও” কিংবা “দলের জন্য হলেও এটা করো” জাতীয় কথাবার্তা না। আমি আবার ব্যাট করতে ফিরলাম, সেও তার রুটিনে ফিরল—নির্বিঘ্ন মুখে কিছুক্ষণ বই পড়া, একটু পরে আমার রান কত সেটি দেখতে বের হওয়া, আবার চিন্তিত মুখে রুমে ফেরা।’ তথ্যসূত্র: মিড-ডে।