লারার পাশে ব্রাফেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা জায়গায় ব্রায়ান লারার পাশে বসে গেলেন ক্রেইগ ক্লেয়ারমন্ট বাফেট। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে এর আগে সেঞ্চুরি ছিল শুধু ক্যারিবীয় বরপুত্র লারারই। পরশু এ মাঠে ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ব্রাফেট।

অবশ্য আর্নস ভেলে চলতি টেস্টটিসহ টেস্ট ম্যাচই হচ্ছে মাত্র তিনটি। ২০০৯-এর টেস্টে বাংলাদেশ দলের কাছে ৯৫ রানে হেরেছে ফ্লয়েড রেইফারের ওয়েস্ট ইন্ডিজ দল। সেই টেস্টে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের তামিম ইকবাল। আর লারা সেঞ্চুরিটা করেছিলেন ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠের প্রথম টেস্টে, ড্র হয়েছিল সে ম্যাচ।

লারার পাশে বসতে পেরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ব্রাফেট। পরশু ১২৩ রানে অপরাজিত থাকা এই ওপেনার দিন শেষে বলছিলেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। উইকেট একটু ধীরগতির ছিল। বল ব্যাটে আসছিল। আমিও ব্যাটিংটা উপভোগ করেছি।’

ক্রিস গেইলের সঙ্গে ১১৬ রানের ওপেনিং জুটি হয়েছে ব্রাফেটের। পরে তৃতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়েছেন ডোয়াইন ব্রাভোর সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল এই দুই জুটিই। দিন শেষে ব্রাফেট জানালেন দলের পরিকল্পনার কথা, ‘ওপেনাররা কন্ডিশন বিবেচনা করে খেলবে, এটাই নির্দেশনা ছিল আমাদের ওপর। প্রথম সেশনটা কাটিয়ে দেবে। তাতে রানের ভিতটা ভালো হবে।’

কিছুদিন ধরেই ব্রাফেট আছেন দারুণ ফর্মে। সর্বশেষ পাঁচটি টেস্ট ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটা ফিফটি। স্থানীয় এক টেলিভিশন সাংবাদিকের প্রশ্ন, রহস্যটা কী? ব্রাফেটের উত্তর, ‘আত্মবিশ্বাস। আমার বিশ্বাস ছিল আমি ভালো কিছু করতে পারব। সে জন্য মৌলিক কাজগুলোই ঠিকভাবে করার চেষ্টা করেছি।’