লারার সেরা আকরাম
১৯৯০ থেকে ২০০৬। ১৬ বছরের ক্যারিয়ারে কত বিধ্বংসী ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছেন ব্রায়ান লারা! ব্যাট হাতে দাপটের সঙ্গে সামলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, গ্লেন ম্যাকগ্রা, অ্যালান ডোনাল্ড, শন পোলক, শেন বন্ড, শোয়েব আখতারের মতো কত ‘গতিদানব’কে। কাকে খেলা সবচেয়ে কঠিন মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির কাছে?
দক্ষিণ আফ্রিকান সুপার স্পোর্টে নিজের শো ‘ইন কনভারসেশন’-এ লারাকে অতিথি হিসেবে পেয়ে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক আলী ব্যাখার। জবাবটা দিতে যাতে খুব বেশি সময় না লাগে, সে জন্য লারাকে অনেকগুলো নামও মনে করিয়ে দিয়েছেন ব্যাখার। তবে সেটার খুব একটা দরকারও হয়নি। একটুও না ভেবে ত্রিনিদাদের রাজপুত্র জবাব দিয়েছেন, ‘ওয়াসিম আকরাম’।
কয়েক দিন আগে একই অনুষ্ঠানে ব্যাখারের একই প্রশ্নে ঠিক এই জবাবটাই দিয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসও। লারা অবশ্য ওয়াসিম আকরাম সম্পর্কে একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘সে খুবই দ্রুতগতির এবং ভয়ংকর ছিল। রাউন্ড এবং ওভার দ্য উইকেটে বল করত, দুভাবেই সুইং করাতে পারত, রিভার্স সুইংয়ের গুরু ছিল, দ্রুত এবং ধীরে বাউন্সার দিতে পারত। ওকে কখনোই স্বস্তির সঙ্গে সামলাতে পারিনি, কারণ সে খুবই অননুমেয় ছিল।’ দ্য ডন।