লারা-টেন্ডুলকারদের সঙ্গে খেলার যোগ্য কেবল সাকিব!

নিউইয়র্ক শহরে এমনিতেই তারার অভাব নেই। তার পরও এই সপ্তাহে এমন তারায় ভরে উঠবে যুক্তরাষ্ট্রের এই শহর, মার্কিন মুলুকের আকাশে যে তারাদের দেখা যায় না। ফুটবলই যেখানে সবচেয়ে জনপ্রিয় নয়, সেই যুক্তরাষ্ট্রে এবার ক্রিকেট নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার আর শেন ওয়ার্ন। বেসবল দল নিউইয়র্ক মেটসের মাঠে কাল দেখা মিলবে ক্রিকেট তারকাদের। টেন্ডুলকার-ওয়ার্নের নেতৃত্বে ২৮ জন সাবেক ক্রিকেটার অলস্টারস ক্রিকেট খেলতে এখন নিউইয়র্কে।
ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এই দুই ক্রিকেট কিংবদন্তির এমন প্রচেষ্টা। টেন্ডুলকারের দলে খেলবেন ব্রায়ান লারা, জয়াবর্ধনে, শন পোলক, শোয়েব আখতার, কার্টলি অ্যামব্রোসদের মতো এক সময়ের দুনিয়া কাঁপানো তারকারা। ওয়ার্নের দলে আছেন সাঙ্গাকারা, ওয়াসিম আকরাম, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, সাকলায়েন মুশতাক, জন্টি রোডসরা। মহা তারকাদের এই গ্যালাক্সি লড়াই দেখা যাবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে।
ক্রিকেটকে বৈশ্বিক রূপ দিতে অনেক দিন ধরেই উচ্চকণ্ঠ টেন্ডুলকার। এ কারণে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছেন। গত ছয় মাস ধরে তারই জোগাড় যন্ত্র চলেছে। খেলার জন্য জড়ো হয়েছেন সাবেক ২৮ জন খেলোয়াড়। যাদের সবাই নিজেদের ক্রিকেট ইতিহাসে আলাদা করে রেখেছেন। আটটি দেশের প্রতিনিধিত্ব করছেন এই তারকারারা। কিন্তু বাংলাদেশের কারও ডাক মেলেনি এখানে। আজ সংবাদ সম্মেলনে সেটি নিয়েই প্রশ্ন উঠল, বাংলাদেশ তো এখন বেশ ভালো করছে। তার পরও কারও জায়গা হলো না কেন?
টেন্ডুলকার উত্তর দিলেন, ‘এখানে যারা খেলছে, তারা সবাই কিংবদন্তির পর্যায়ে। তাদের পারফরম্যান্স কিংবা রেকর্ড ছিল অসাধারণ। আর এখানে যারা খেলছে, তারা সবাই এখন আর খেলে না। অবসর নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একজনই এদের সঙ্গে খেলার যোগ্য। সে হলো সাকিব আল হাসান। কিন্তু সে তো এখনো অবসর নেয়নি। আমি চাইও না সে অবসর নিক। ওকে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটটাই খেলতে দিন। যখন ওর সময় আসবে, অবশ্যই আমাদের সঙ্গে খেলবে।’