লারা-প্রেরণাতেই অন্য ব্রাভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুতেই কিছু হচ্ছিল না। শুরুটা ভালো করেও আউট হয়ে যাচ্ছিলেন দ্রুতই। ড্যারেন ব্রাভোর একটা অনুপ্রেরণা খুবই দরকার ছিল। সেটা শৈশব-কৈশোরের নায়ক ব্রায়ান লারার কাছ থেকেই পেলেন। ১০২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পরশু গড়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অনেকেই যা ভাবেনি, সেটাই করেছে ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে হারিয়ে উঠে গেছে ফাইনালে। অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল আজ।
টেস্টে মনোযোগ দেওয়ার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু রঙিন জার্সিতে যেন ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। ম্যাচের আগের দিনে শুয়ে শুয়ে হঠাৎই মাথায় বুনে ফেললেন ভাবনাটা। ব্রাভোর নিজের মুখেই শুনুন, ‘তাঁর সঙ্গে আমার বেশ কিছুদিন কথা হয়নি। কিন্তু গত রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউটিউবে ওঁর বেশ কিছু ক্লিপস দেখেছি। তিনিই (লারা) আমার রোল মডেল, সে জন্য দুঃসময়েও আমি তাঁর কাছেই যাই। কথা বলতে না পারলে ইউটিউবে তাঁর ইনিংস দেখি। আজকের দিনটা ভালো গেছে, আশা করি, রোববারও (ফাইনাল) ভালো কিছু করতে পারব।’
লারা তো শুধু নায়ক নন, ব্রাভোর দূরসম্পর্কের মামাও। ব্রাভোর ব্যাটিংয়েও অনেকেই লারার ছায়া খুঁজে পান। আগের দিনের ‘লারা-গবেষণার’ পর পরশু ব্রাভোর ব্যাটিংয়ে সেই ছায়া যেন আরও প্রগাঢ়। ব্রিজটাউনে স্ট্রোকের দ্যুতি ছড়িয়েছেন, ১২টি চার ও ৪টি ছয় ছিল তাঁর ইনিংসে। শেষ ছক্কাটি মেরেই পেয়ে গেছেন সেঞ্চুরি। তবে দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারলেন ১১ রানের সময় ব্রাভোর ক্যাচটাকে উল্টো ছয় বানিয়ে না দিলে ম্যাচের গল্প অন্য রকমও হতে পারত।
ব্রাভো ক্রিজে যখন নামেন, ওয়েস্ট ইন্ডিজ ১২ রানেই হারিয়ে ফেলেছে প্রথম উইকেট। ২১ রান উঠতে নেই আরও ৩ উইকেট। ওখান থেকেই কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে ব্রাভো শুরু করেন পাল্টা আক্রমণ। দুজন পঞ্চম উইকেটে ১৫৬ রান যোগ করেছেন মাত্র ২৫ ওভারে। পোলার্ড করেছেন ৭১ বলে ৬২। শেষ দিকে জেসন হোল্ডার (৪০) ও কার্লোস ব্রাফেটের (৩৩*) কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের রান হয় ২৮৫।
দক্ষিণ আফ্রিকা ৬৪ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শেষ উইকেটে মরনে মরকেল ও ইমরান তাহির ৫১ রান যোগ না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতো। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।