লাল-সবুজ এখানে, এই বুকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুকে টোকা। সৌম্য যেন জানিয়ে দিলেন, দেশটা থাকে এখানে। ছবি: শামসুল হক
বুকে টোকা। সৌম্য যেন জানিয়ে দিলেন, দেশটা থাকে এখানে। ছবি: শামসুল হক

১৯৯৯ বিশ্বকাপ। বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। পুরো দেশ রোমাঞ্চিত। সবচেয়ে বেশি রোমাঞ্চিত সম্ভবত খেলোয়াড়েরাই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলার পর আবেগটা লুকিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের এক ব্যাটসম্যান। বলেই বসলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না কোর্টনি ওয়ালশ আমাকে বল করছেন। ওয়ালশের মতো বোলার! ভাবা যায়!’
বাংলাদেশ ক্রিকেটই তখন খেলত কালেভদ্রে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের তারকাদের ভক্ত। তাঁদের সঙ্গে দুটো কথা বলতে পারলে বর্তে যান। ‘...অংশগ্রহণই বড় কথা’র আপ্তবাক্য মেনে ম্যাচের পর ম্যাচ হার। অনেকেই ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে যেতেন। প্রতিপক্ষের তারকারও উপযাজক হয়ে কখনো কখনো নিজে থেকে এগিয়ে আসতেন। উদ্দেশ্য একটাই-বাংলাদেশের খেলোয়াড়দের কিছু টিপস দেওয়া।
দৌড়াতে শেখার আগে হাঁটতে শিখতে হয়। হাঁটতে শেখার আগে হামাগুড়ি। সেই হামাগুড়ি থেকে উঠে দাঁড়িয়ে এক-দু পা হাঁটতে না হাঁটতে ধপ করে পড়ে যেতে হয়। ব্যথা পেতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটের কক্ষপথে বাংলাদেশ এখন ছুটছে। কিন্তু অতীতে যাঁরা পতাকাটা বয়ে নিয়েছেন ভীষণ দুঃসময়ে, প্রতিকূল ঝড়ে, তাঁদেরও অবদান অনেক। তবে একটা জিনিস মানতেই হবে, নতুন বাংলাদেশের নতুন দিনের প্রতিনিধিদের দেহভাষা অন্য রকম। পাকিস্তান-ভারত তো বটেই, দক্ষিণ আফ্রিকার মতো পেশাদার দলকেও এই নতুন বাংলাদেশ বার্তা দিতে পারে-আসছে দিন সমূহ উজ্জ্বল।
নতুন বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কার সৌম্য। প্রথম নয়টি ওয়ানডেতে মাত্র একটি ফিফটি। কিন্তু মাত্র এক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের মতো আসরে খেলতে গিয়ে প্রতি ইনিংসেই কিছু না কিছু স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছিল। প্রথম সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে। তখন থেকে সাত ইনিংসে তাঁর একটি সেঞ্চুরি, তিনটি ফিফটি। দুটো ফিফটিকে ‘প্রায় সেঞ্চুরি’ লেখা যায়।
কিন্তু ব্যাটিংয়ে ধারাবাহিক খেলছেন বলেই নয়। সৌম্যকে আলাদা করে চোখে পড়ে তাঁর আত্মবিশ্বাসে। ভয়ডরহীন খেলায়। সৌম্যকে বেশি করে চেনা যায় যখন কঠিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় সামনে। এ নিয়ে তিনবার ম্যাচ সেরা হলেন। তিনবারই রান তাড়া করে দলকে জিতিয়ে।
আজ ম্যাচ শেষে নির্বিকারভাবে যা বললেন, ​তার সারমর্ম, ‘এটাই তো আমার দায়িত্ব।’ বললেন, ‘সব সময়ই চেষ্টা করছি ইনিংসটা বড় করার। ভবিষ্যতেও চেষ্টা করে যাব।’ গত ইনিংসটাকে তাঁর সেরা বলে রায় দিয়েছিলেন। এবার হয়তো সৌম্য মত আবারও বদলাবেন। দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানো, এ তো কিছুদিন আগেও অভাবিত ছিল। যাদের বিপক্ষে আগে বাংলাদেশেরই জয়ই ছিল একটি। সেটিও আট বছর আগে। সৌম্য নতুন বাংলাদেশের গল্পটা শোনালেন এভাবে, ‘দক্ষিণ আফ্রিকা অনেক বড় দল। আর তাদের বিপক্ষে আমরা ভালো খেলেছি জন্যই সিরিজ জিতেছি।’ নামের পাশে আরেকটি সেঞ্চুরি যোগ করাতে পারতেন। একটুর জন্য ফসকে গেল। এ নিয়ে সৌম্যর আফসোস আছে, আবার নেইও। বললেন, ‘একটু তো আফসোস হচ্ছেই। একটুর জন্য সেঞ্চুরি পেলাম না। আরও কিছুদিন হয়তো আফসোস থাকবে। তবে পরের বার চেষ্টা করব সুযোগ এলে হাতছাড়া না করতে।’
এই প্রার্থনা ​ভক্তেরাও নিশ্চয়ই করবেন। ফিফটি কিংবা সেঞ্চুরি হলে যেভাবে উদযাপন করেন, দেখতেই ভালো লাগে। এক হাতে ব্যাট উঁচিয়ে ধরেন। অন্য হাতে বুকে টোকা দেন। যেন বুঝিয়ে দিতে চান, ‘লাল-সবুজ তো এখানেই!’