লাহোরের ফাইনাল থেকে সরে গেল সম্প্রচার-প্রতিষ্ঠানও

অনেক আলোচনার পর চূড়ান্ত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে লাহোরেই। কিন্তু নিরাপত্তার সমস্যা দেখিয়ে ফাইনাল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে প্রতিযোগিতাটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সানসেট অ্যান্ড ভাইন। যুক্তরাজ্য-ভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ বেশ কয়েকজন ধারাভাষ্যকারও জানিয়ে দিয়েছেন, তাঁরা লাহোরে যাবেন না।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলোর ধারাভাষ্যকক্ষে নিয়মিত ও জনপ্রিয় মুখ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানি মরিসন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পিএসএলের লিগ পর্যায়ের ম্যাচগুলোতে জম্পেশ ধারাভাষ্য দিলেও লাহোরে যাওয়ার কোনো আগ্রহই নেই তাঁর। মরিসন ছাড়াও অ্যালান উইলকিনস, মেল জোনস—কারওরই ইচ্ছা নেই লাহোরে উড়ে যাওয়ার। সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার ইয়ান বিশপ লাহোরে যাবেন না, সেটি নিশ্চিত ছিল আগেই। সানসেট অ্যান্ড ভাইনের সঙ্গে তাঁর চুক্তিই ছিল লিগ পর্যায়ের ম্যাচ পর্যন্ত।
সম্প্রচার প্রতিষ্ঠানের সহায়ক সংস্থাও লাহোরে যাবে না বলে জানিয়ে দিয়েছে। যেটি মূলত হক আই প্রযুক্তি ও স্পাইডার ক্যামেরা সরবরাহ করে থাকে। ফাইনালে ড্রোন ক্যামেরাও থাকছে না। সানসেট অ্যান্ড ভাইনের বদলে যে সংস্থাটির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কথা বলছে তারা এসব ছাড়াই লাহোরের ফাইনাল সম্প্রচার করবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল অনুষ্ঠানের ব্যাপারে গতকালই সবুজ-সংকেত দিয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। তবে নিরাপত্তা-ইস্যুতে সিদ্ধান্তটিকে খুব ভালো চোখে দেখছেন না পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই। ইমরান খান, আমির সোহেল ও শোয়েব মোহাম্মদরা বিষয়টিকে পিসিবি ও পাঞ্জাব সরকারের ‘পাগলামি’ বলছেন।
গত ১৩ ফেব্রুয়ারি লাহোরের জনবহুল এলাকায় এক বোমা হামলায় হতাহতের ঘটনায় পাকিস্তানের নিরাপত্তাহীনতা নতুন করে সামনে চলে আসে। পিএসএলে প্লে-অফে খেলা চার দলের বেশির ভাগ বিদেশি খেলোয়াড়ই অবশ্য জানিয়ে দিয়েছেন, দল ফাইনালে উঠলেও লাহোরে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। সূত্র: ক্রিকইনফো।