লায়ন–রুটদের স্ত্রী–প্রেমিকাদের সামনে দর্শকদের মারামারি
অ্যাশেজ চলছে। মাঠে লড়ছেন নাথান লায়ন-জো রুটরা। ব্রিসবেনের গ্যালারি থেকে তাঁদের সমর্থন দিতে ছুটে এসেছেন স্ত্রী-প্রেমিকারা।
কিন্তু কাল প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দর্শকদের মারামারির সাক্ষী হয়ে রইলেন ক্রিকেটারদের ‘ওয়াগ’রা।
গ্যাবায় পাশাপাশি দুটি করপোরেট বক্সে বসেছেন তাঁরা। সেখান থেকে সমর্থন জোগাচ্ছেন মাঠের খেলায়। কাল খেলা চলাকালীন দুই দলের ভক্তদের মারামারিও দেখতে হয় ক্রিকেটারদের স্ত্রী-প্রেমিকাদের।
পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়। ক্রিকেটারদের স্ত্রী-প্রেমিকা ও সন্তানেরা যেখানে বসেছেন, তাঁদের ঠিক সামনেই এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের বাগ্দত্তা এমা ম্যাকার্থি ফোনে কথা বলার সময় মারামারি দেখছিলেন।
সেখানে অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যান মারনাস লাবুশেনের স্ত্রী রেবেকা লাবুশেনও ছিলেন। পাশের বক্সেই ছিলেন ইংল্যান্ড দলের ‘ওয়াগ’রা।
এক সূত্র মারফত মেইল অনলাইন অস্ট্রেলিয়া জানিয়েছে, মাঠে দুই দলের ক্রিকেটাররা লড়াই করলেও গ্যালারিতে দুই পক্ষের ‘ওয়াগ’রা বেশ সম্প্রীতি বজায় রেখেছিলেন।
যদিও দর্শকেরা সম্প্রীতি ধরে রাখতে পারেননি। এক দর্শক মার খেয়ে গ্যালারি থেকে পড়ে যান। মারামারিতে শতচ্ছিন্ন ছিল তাঁর পোশাক।
পুলিশ ও নিরাপত্তাকর্মীরা গিয়ে উদ্ধার করেন সেই দর্শককে। এর মধ্যে পরিস্থিতিও শান্ত করা হয়। ঠিক কী কারণে গ্যালারিতে মারামারি লেগেছে, তা জানাতে পারেনি কুইন্সল্যান্ড পুলিশ।
মেইল অনলাইন অস্ট্রেলিয়াকে এক মুখপাত্র জানান, কাল গ্যালারি থেকে মোট ১৩ দর্শককে বের করে দেওয়া হয়। এর মধ্যে মাঠে ঢুকে খেলা বন্ধ করা দুজন দর্শকও আছেন। তাঁদের আদালতে দাঁড়াতে হবে।