লায়নের চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে
টেস্ট ক্রিকেটে আবির্ভাবের চার বছরেই দলের স্পিন আক্রমণের মূল ভরসা নাথান লায়ন। টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট পাওয়া অফ স্পিনার তিনিই, অথচ ফরম্যাট বদলালেই দলে আর জায়গা মেলে না তাঁর! তা সেটা ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি, সীমিত ওভারের ক্রিকেটে দলে কখনোই নিয়মিত হতে পারেননি তিনি। এবার সেটি বদলে দিতে চান লায়ন। বিগ ব্যাশের পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে।
অস্ট্রেলিয়ার হয়ে ৫০ টেস্টে ১৭৫টি উইকেট পেয়েছেন। কিন্তু ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৮টি। খুব খারাপ করেননি সেগুলোতে, ৩০ গড়ে ১১টি উইকেট, ইকোনমিও মাত্র ৪.৫২। তারপরও সর্বশেষ ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন গত বছরের অক্টোবরে। জায়গা মেলেনি ২০১৫ বিশ্বকাপ দলে। টি-টোয়েন্টিতে তো অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগই পাননি কখনো। তাই বলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না লায়ন, ‘আমি তিন ফরম্যাটেই দলের মূল স্পিনার হতে চাই। আমি জানি না আর কতবার এটা বলতে হবে, এটাই আমার লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আমার মাথায় আছে। আমাকে শুধু সিডনি সিক্সার্সের হয়ে ভালো খেলতে হবে এবং বোলিংটা উপভোগ করতে হবে।’
এ জন্য নিজের সেরাটাই দেওয়ার নিশ্চয়তা দিলেন, ‘আমি কোন ধরনের খেলা খেলছি তা নিয়ে চিন্তিত নই। আমি কেবল দলের হয়ে ভালো খেলতে যাই এবং সেরা ফল পেতে চাই।’ রয়টার্স।