বিরাট কোহলিই পারেন এভাবে চমকে দিতে! এক বলেই দুবার অবিশ্বাসে হাত মুখে তুলতে হলো ভারতের সমর্থকদের। প্রথমবার নাথান লায়নের বলটা যখন খেলার কোনো চেষ্টাই করলেন না, দ্বিতীয়বার যখন নিশ্চিত আউট জেনেও রিভিউ নিতে চাইলেন। দ্বিতীয় ঘটনার তবু ব্যাখ্যা দেওয়া যায়, দলের সেরা ব্যাটসম্যান আউট হলে এমন সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু প্রথম ঘটনার ব্যাখ্যা কী?
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহর কাছে এটা চাপে পড়ে এলোমেলো হয়ে যাওয়া ছাড়া আর কিছু নয়, ‘এটা ছিল পুরোপুরি বুদ্ধিনাশের ঘটনা।’ আগের বলটা বাউন্স করেছিল বলে পরের বলটাও ছেড়ে দেওয়ার যে আর কোনো ব্যাখ্যাই থাকতে পারে না। এমন বল তো ঘুমিয়েও খেলতে পারার কথা তাঁর! কে জানে কিছুক্ষণের জন্য হয়তো মস্তিষ্ক থেমে গিয়েছিল কোহলির। অধিনায়কের হতবুদ্ধি অবস্থাটা যেন সংক্রমিত হয়েছে পুরো দলেই। প্রথম দিনেই ১৮৯ রানে অলআউট স্বাগতিক দল। ৪০ রান করা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে কোনো চিড় ধরাতে পারেনি ভারত।
চিড়-টির ধরানো নয়, লায়ন একেবারে ধসিয়েই দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ। সকালে যে পিচকে স্পোর্টিং মনে হচ্ছিল, সেটাকেই দিন শেষে স্পিন-স্বর্গ বানিয়ে ফেলেছেন লায়ন! পরশু ভারতকে থাবায় ধার দিতে বলেছিলেন হিউ জ্যাকম্যান। কাল দেখা গেল ভারত নয়, সিংহে রূপ নেওয়া লায়নই চকচকে করে রেখেছিলেন তাঁর নখদন্ত! বোলিংয়ে এসেছেন সবার শেষে, কিন্তু সবচেয়ে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছেন লায়নই। ভারতে বেড়াতে আসা বোলারদের যত রেকর্ড আছে, দুটো স্পেলে ৫০ রানে ৮ উইকেট নিয়ে প্রায় সবই বগলদাবা করে নিয়েছেন। কাজটা সহজ ছিল না মোটেও। শ্রীলঙ্কায় ভুলে যাওয়ার মতো সফরের পর থেকেই ভারত সফরের জন্য প্রস্তুত হয়েছেন, ‘সত্যি এটাই যে অনেক কাজ করতে হয়েছে। নেটে দুই ঘণ্টা করে অনুশীলন করেছি, কৃতিত্বটা ড্যারেন ব্যারি ও জন ডেভিসনেরও। এত পরিশ্রমের পর ফল পাওয়াটা খুবই তৃপ্তি দিচ্ছে।’
ঠিক উল্টো অবস্থা লোকেশ রাহুলের। ভয়ংকর এ দিনে শুধু তাঁকেই দেখা গেছে স্বাভাবিক ব্যাট করতে। এই ওপেনারই জানিয়েছেন কীভাবে সবাইকে বোকা বানিয়েছে বেঙ্গালুরুর উইকেট, ‘শুরুতে বল ভালোই ব্যাটে আসছিল। স্পিনাররা আসতেই মনে হলো, বল একটু থেমে আসছে, ঘুরছে। দিন যত এগিয়েছে, অফ স্টাম্পের বাইরে পিচ ভাঙতে শুরু করল। আর লায়নও এটার সুযোগ নিয়েছে ভালোভাবে, টানা ওখানে বল করে গেছে।’
এক অফ স্পিনারে তছনছ হয়ে এখন নিজেদের অস্ত্রের ধার পরীক্ষা করার পালা ভারতের। রাহুল এখনো ম্যাচ জেতার আশা করছেন রবিচন্দ্রন অশ্বিন নামের আরেক অফ স্পিনার দলে আছেন বলেই, ‘এখনো চার দিন বাকি। উইকেটে ফাটল দেখা দিচ্ছে। ব্যাট করা আরও কঠিন হচ্ছে। অশ্বিন সেরাদের একজন, একবার উইকেট পেতে শুরু করলে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষ করে দেবে সে।’ স্টার স্পোর্টস, ক্রিকেট অস্ট্রেলিয়া।