
সাকিব আল হাসানের সঙ্গে কথার লড়াই দিয়ে সিরিজটা শুরু করেছিলেন। আর বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজটা নাথান লায়ন যখন শেষ করছেন, রেকর্ড বইটাই তিনি উল্টেপাল্টে দিয়েছেন।
এশিয়ায় এক টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং, দুই টেস্টের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট, শেন ওয়ার্নের ১৩ বছর পর টানা তিন ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পাওয়া প্রথম অস্ট্রেলীয়...কত কীর্তি! কিন্তু এত এত কীর্তি গড়েও বাড়তি উচ্ছ্বাস যদি থাকত এই অফ স্পিনারের! অন্তত কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাঁর কথায় তা পাওয়া যায়নি! জানিয়ে গেলেন, এসব রেকর্ড-টেকর্ড নয়, ম্যাচ জয়ের পর দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তাঁর ক্রিকেট খেলার মূল অনুপ্রেরণা।
ঠিক একই সুরে এমন কথা তিনি সিরিজ শুরুর আগেও বলেছেন। লায়নের সামনে তখন হাতছানি ছিল উইকেটসংখ্যায় কিংবদন্তি রিচি বেনোকে ছাড়িয়ে যাওয়ার। তখন বলেছিলেন, ‘নামের পাশে উইকেটের কলাম নিয়ে ভাবার সময় এখন নয়, ওটা ক্যারিয়ারের শেষেই ভাবব।’
রিচি বেনোকে ছাড়িয়ে গেছেন প্রথম টেস্টেই, লায়নের নামের পাশে উইকেটের কলামে বান ডেকেছে সিরিজজুড়েই। লায়ন না চাইলেও ভাবনায় তো সেটি টোকা দিয়ে যাওয়ারই কথা। কিন্তু আশ্চর্য! লায়ন যেন নিরাসক্ত, ‘সবাই জানে ব্যক্তিগত সাফল্যের জন্য আমি খেলি না। খেলি এই মুহূর্তগুলোর জন্য। অস্ট্রেলিয়া টেস্ট জেতার পর পুরো দল একসঙ্গে বসে যখন আলোচনা করি, গান গাই...এই মুহূর্তগুলোর জন্য।’ শেষে অবশ্য একটু ‘আমিত্ব’ এল, ‘ব্যক্তিগতভাবে ২ টেস্টে ২২ উইকেট পাওয়ায় আমি খুশি।’
তা এত ভালো বোলিংয়ের রহস্য কী? সিরিজের আগে সাকিবের সঙ্গে ওই কথার লড়াই? বাংলাদেশি বাঁহাতি স্পিনার সিরিজের আগে বলেছিলেন, দেশের মাটিতে বাংলাদেশের স্পিন আক্রমণ অস্ট্রেলিয়ার চেয়ে ভালো। লায়নের ‘অজি-অহমে’ তাতে একটু যেন লেগেছিল। বলেছিলেন, সাকিবের কথাটা ‘অতি আত্মবিশ্বাসী বিবৃতি’। সিরিজজুড়েও সাকিবে-লায়নে চলল বাঘে-সিংহের লড়াই। সাকিব বাংলাদেশকে ব্যাটে-বলে প্রথম টেস্ট জেতালেন, লায়ন দ্বিতীয় টেস্টে বাজিমাত করলেন ঘূর্ণিজাদুতে। বাতাসে বল ভাসানোর দক্ষতা, লেংথের ওপর নিয়ন্ত্রণ, গতির পরিবর্তন...চট্টগ্রামের মাটিতে স্পিন ‘শিল্পে’র প্রদর্শনীই রেখে গেলেন ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান।
মাঠে রেখে এলেন কথার লড়াইটাও। সংবাদ সম্মেলনে তাঁর ‘ক্যারিয়ারের অন্যতম সেরা’ বোলিংয়ের রহস্যটা লায়ন খুলে দিলেন এভাবে, ‘ডারউইনে (সিরিজের আগের প্রস্তুতি ক্যাম্পে) অধিনায়কের সঙ্গে আলোচনার সময় সে আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছিল—বোলিংয়ের নেতৃত্ব। নেটে যেভাবে বল করেছি, তা-ই এখানে করতে পেরেছি বলে খুশি। নেটে এদের (অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান) বল করার চেয়ে ভালো অনুশীলন তো আর হতে পারে না।’
লায়নের টেস্ট, তাতে সংবাদ সম্মেলনে লায়নের পাশেই বসা স্মিথের দিকেও প্রথম প্রশ্নটা লায়নকে নিয়ে হওয়ার কথা। হলোও। অস্ট্রেলিয়া অধিনায়ক তাঁর মূল বোলিং অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ, ‘অসাধারণ। দ্বিতীয় ইনিংসের চেয়েও প্রথম ইনিংসে ওর বোলিংয়ে বেশি খুশি হয়েছি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেছে, তবে প্রথম ইনিংসে পিচ থেকে খুব বেশি সাহায্য সে পায়নি। ও যেভাবে নতুন বলে ঠিক জায়গায় বল ফেলেছে, বল মাটিতে পড়েই দ্রুত চলে গেছে, কয়েকজন (বাংলাদেশি) ব্যাটসম্যানের পায়ে লেগেছে—ওটাই ছিল ওই সময়ে সবচেয়ে নিখুঁত বোলিং। ওকে নিয়ে গর্বিত। অনেক উন্নতি করেছে ও। বিশেষ করে উপমহাদেশে। গত দুই বছরে বোলিংয়ের ভিন্ন ভিন্ন স্টাইল এনেছে। জানে কখন স্টক বল করতে হবে, কখন ভিন্নভাবে বোলিং করতে হবে। ২ টেস্টে ২২ উইকেট পাওয়া তো অসাধারণ অর্জনই।’
লায়নের সিরিজ
২২
সিরিজে নাথান লায়নের উইকেট, যা দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ।
২ ম্যাচ টেস্ট সিরিজে বেশি উইকেট
দল বিপক্ষ সাল
২৩ রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা পাকিস্তান ২০১৪
২২ মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কা দ. আফ্রিকা ২০০৬
২২ নাথান লায়ন অস্ট্রেলিয়া বাংলাদেশ ২০১৭
দুই ম্যাচ সিরিজে ২০ উইকেট নেওয়া প্রথম অস্ট্রেলীয় লায়ন। আগের সেরা জে জে ফেরিস; ১৮৮৭ অ্যাশেজে ১৮ উইকেট।
বাংলাদেশে এক সিরিজে বেশি উইকেটও লায়নের। পেছনে পড়লেন ২০০৪ সালে ২০ উইকেট নেওয়া ভেট্টোরি।
ম্যাচে লায়নের ১৩ উইকেট
লায়নের ম্যাচসেরা বোলিং। আগের সেরা ১২ উইকেট, ২০১৪ সালে ভারতের বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা বোলিংও এখন লায়নের। পেছনে পড়লেন মুরালিধরন (১২/৮২, ক্যান্ডি, ২০০৭)।
উপমহাদেশে ম্যাচে ১৩ উইকেট নেওয়া দ্বিতীয় সফরকারী বোলার লায়ন। প্রথমজন ইয়ান বোথাম, ১৯৮০ সালে ভারতের বিপক্ষে মুম্বাইয়ে নিয়েছিলেন ১৩ উইকেট।
১৯৯০ সালের পর টেস্টে ১৩ উইকেট পেলেন কোনো অস্ট্রেলীয় বোলার।
সিরিজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ডেভিড ওয়ার্নার ৪ ২৫১ ১২৩ ৬২.৭৫ ২/০
তামিম ইকবাল ৪ ১৭০ ৭৮ ৪২.৫০ ০/২
মুশফিকুর রহিম ৪ ১৫৮ ৬৮ ৩৯.৫০ ০/১
পিটার হ্যান্ডসকম্ব ৪ ১৪৬ ৮২ ৪৮.৬৬ ০/১
স্টিভেন স্মিথ ৪ ১১৯ ৫৮ ২৯.৭৫ ০/১
বোলার
ওভার উইকেট সেরা গড় ৫/১০
নাথান লায়ন ১৩৩.৫ ২২ ৭/৯৪ ১৪.৩১ ৩/১
সাকিব আল হাসান ৯০.৫ ১২ ৫/৬৮ ২২.৫০ ২/১
মেহেদী হাসান মিরাজ ৮৩.০ ৮ ৩/৬২ ২৯.৩৭ ০/০
অ্যাশটন অ্যাগার ৬১.৪ ৭ ৩/৪৬ ২৩.১৪ ০/০
প্যাট কামিন্স ৬৩.০ ৬ ৩/৬৩ ২৯.০০ ০/০