লায়নের 'সেঞ্চুরি' আর ব্রাফেটের সেঞ্চুরি না-পাওয়া

পুরো দিনের গল্পটা চাইলে তিনটি বাক্যে বলে দেওয়া যায়। টস জিতে ব্যাটিং নিলেন জেসন হোল্ডার, সিরিজে এই ‘প্রথম’বার টেস্টের প্রথম সেশনে ব্যাট করল ওয়েস্ট ইন্ডিজ। হোবার্টে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৪, আজ ৮৫—সিরিজে ‘দ্বিতীয়’ বারের মতো সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে গেলেন ক্রেইগ ব্রাফেট। আর বৃষ্টিস্নাত প্রথম দিনটা ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছে ৬ উইকেটে ২০৭ রান নিয়ে—সিরিজে তৃতীয় টেস্টে ‘তৃতীয়’বারের মতো এগিয়ে থেকেই প্রথম দিন শেষ করল অস্ট্রেলিয়া।
এর বাইরে বড় গল্প—নাথান লায়নের ‘সেঞ্চুরি’। ক্যারিয়ারে ৫২ টেস্টে ১৮৪ উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান স্পিনার। আজ টেস্টের প্রথম দিনে দুই উইকেট নিয়েছেন লায়ন, এই দুটি নিয়ে ক্যারিয়ারে তাঁর ১০১ উইকেটই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। দেশের মাটিতে উইকেটের সেঞ্চুরি করা পঞ্চম অস্ট্রেলিয়ান বোলার হলেন লায়ন।
লায়নের ‘সেঞ্চুরি’র কারণেই দিনটা এগিয়ে থেকে শেষ করেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্টেই অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তাদের রান পাহাড়ে চাপা দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ভয় থেকেই কি না, সিডনিতে আজ তৃতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে তাই গল্পের প্লটটাকে একটু ভিন্ন করে দিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। অবশ্য স্পিন সহায়ক সিডনির পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে না চাওয়াও তার মনে কাজ করতে পারে। কারণ যা-ই হোক, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন হোল্ডার।
তবে দিন শেষে তাঁর হাসিটা খুব বেশি চওড়া থাকার কথা নয়। দ্বিতীয় উইকেটে ক্রেইগ ব্রাফেট-ডোয়াইন ব্রাভো আর সপ্তম উইকেটে কার্লোস ব্রাফেট-দীনেশ রামদিন জুটিই যা একটু হোল্ডারের সিদ্ধান্তটার ‘মান’ রাখতে পেরেছে। দ্বিতীয় উইকেটে এসেছে ৯১ আর দিনের শেষ ভাগে অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৪৮। এর বাইরে আর কেউই ঠিকমতো জমতে পারেননি উইকেটে। ১০৪ থেকে ১৫৯—এই ৫৫ রানের মধ্যেই পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি উইকেট।
চা বিরতির আগে-পরে দুই দফায় বৃষ্টি বিরতিতে খেলা বন্ধ ছিল। এর বাইরে ৭৫ ওভারই খেলা হয়েছে দিনে। তাতে ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটের অর্ধেকই নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার। ২০০৬ সালে ওয়ার্ন-ম্যাগগিলের পর এই প্রথম সিডনিতে দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। দুজনই বেশ ভোগালেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের।
তাঁদের পরীক্ষার মুখে মূলত মাথা তুলে দাঁড়িয়েছিলেন দুই ব্রাফেট—ক্রেইগ ও কার্লোস ব্রাফেট। দুজনের ইনিংসের ধরনও দুই রকম। উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগের ১৭৪ বলে ৮৫ রানের ইনিংসটা যদি হয় ধৈর্য ও মনোযোগের উদাহরণ, তবে কার্লোসের ৩৫ বলে ৩৫ ছিল প্রতি-আক্রমণ। তাঁর আক্রমণে ভর করেই ১৫৯ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিনের শেষ দশ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে করেছে ৪৮ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো।