লিচের কাটা ঘায়ে ল্যাঙ্গারের নুনের ছিটা

মোটেও ভালো বল করতে পারেননি ইংল্যান্ড স্পিনার জ্যাক লিচছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩–০–১০২–১!

ওভারসংখ্যাই বলছে সংস্করণটা টেস্ট। কিন্তু রানসংখ্যা দেখে বিশ্বাস করা কঠিন। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৮৪। এর মধ্যে ১১ ওভার পর্যন্ত রান দেওয়ার হার ছিল ৮.৬৩ করে। টেস্টে ন্যূনতম ৬০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে শুধু একজনই লিচের চেয়ে চেয়ে বাজে ইকোনমি রেটে বল করেছেন।

এমনকি টি–টোয়েন্টি ক্রিকেটেও এই ইকোনমি রেট কেউ ভালো চোখে দেখবে না। সেখানে টেস্টে এমন বল করলে তো কথার বিস্ফোরণ ঘটাই স্বাভাবিক। ইংল্যান্ডের সাবেক স্পিনার ফিল টাফনেলের ভাষায়, লিচের হাতে ‘হাসপাতালের টিকিট’ ধরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও লিচের এই কাটা ঘায়ে নুনের ছিটা দিতেও কার্পণ্য করেননি।

পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গায় নেওয়া হয়েছে লিচকে। ইংল্যান্ডে যখন এ সিদ্ধান্তের সমালোচনা চলছে তখন ল্যাঙ্গারও চুপ থাকেননি।

খোঁচাটা মেরেছেন চ্যানেল সেভেনের সঙ্গে আলাপচারিতায়, ‘এই সিরিজের আগে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বীতা বিচারে একটি জায়গায় আমরা অনেক এগিয়ে—বিশ্বমানের স্পিনার আছে আমাদের। জ্যাক লিচ ও ডম বেস তরুণ স্পিনার। আমরা তাদের ওপর চাপ তৈরি করতে চেয়েছি যেন ইংল্যান্ড তাদের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভাবে।’

নিজেদের দলে বিশ্বমানের স্পিনার বলতে নিশ্চয়ই নাথান লায়নকে বুঝিয়েছেন ল্যাঙ্গার। ১০১তম টেস্ট খেলতে নামা লায়ন আর ১ উইকেট পেলেই চার শ উইকেটের দেখা পাবেন। স্পিন বিভাগের ইংল্যান্ড দলে অস্ট্রেলিয়ার মতো স্পিনার নেই—এমনটাই বুঝিয়েছেন অস্ট্রেলিয়া কোচ।

ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন ও ট্রাভিস হেড এই বাঁহাতি স্পিনারের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংই করেন। গত মার্চে ভারতের বিপক্ষে সিরিজের পর এই প্রথম টেস্ট খেলছেন লিচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি দলে জায়গা পাননি।

ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম স্টুয়ার্ট ব্রডের জায়গায় লিচকে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘ব্রিসবেনে বৃস্টি হচ্ছে আর খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়ার দূর্গ গ্যাবায়। প্রথমে বলা হলো, জেমস অ্যান্ডারসন হালকা চোট পেয়েছে। পরে জানানো হলো, তাকে বিশ্রাম দেওয়া হবে। এরপর জানা গেল, ব্রডও খেলছে না।’

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করছে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪২৫ রানে অলআউট হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৯ রান তুলেছে। প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ১৪৭ রানেই।