লিটন আশা হারাননি

>ওয়ানডে সিরিজে বসে বসে কেটেছে। টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেও প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেননি। লিটনের অসাধারণ ব্যাটিং দেখা গেল ফ্লোরিডায় সিরিজনির্ধারণী টি-টোয়েন্টিতে। ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন ৬১ রানের দ্যুতিময় ইনিংস খেলে
ওয়ানডে সিরিজ জেতার পর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে হাসিখুশি লিটন দাসকেই দেখা গিয়েছিল। প্রস্তুতি ম্যাচে ভালো খেলার পরও পুরো সিরিজটা তাঁর বসে বসে কেটেছে। তাঁর জায়গায় টানা তিন ম্যাচ সুযোগ পেয়েছেন এনামুল হক। দলের জয়ে ন্যূনতম অবদান রাখার সুযোগ মেলেনি, যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা হতাশার। তবুও সেদিন লিটন খুশি, দল সিরিজ জিতেছে।
‘আশা হারিয়ে ফেলেননি তো’—ওয়ানডে সিরিজে না সুযোগ পাওয়া লিটনকে প্রশ্ন করতেই তাঁর পাল্টা প্রশ্ন, ‘যদি হারিয়ে ফেলি?’ প্রশ্নটা যে নিছক রসিকতার সুরে, সেটি তাঁর হাসিমুখ দেখেই বোঝা যাচ্ছিল। আজ ফ্লোরিডার লডারহিলেই প্রমাণ দিলেন, বাংলাদেশ দলের তরুণ ওপেনার আশা হারাননি। আশা হারাননি বলে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে দুর্দান্ত লিটনকে দেখা গেল।
প্রথম ম্যাচে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও নিভে যাওয়া, দ্বিতীয় ম্যাচে সেটিও পারেননি। তবুও লিটনে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফ্লোরিডায় ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওপেনার সেই আস্থার প্রতিদান দিলেন। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে গড়তে হবে বড় স্কোর। আর বড় স্কোর গড়তে চাই দুর্দান্ত শুরু। এ বার্তা মাথায় রেখে লিটন ইনিংস শুরু করলেন বাউন্ডারি মেরে।
লিটনের রুদ্ররূপ দেখা গেল অ্যাশলি নার্সের করা দ্বিতীয় ওভারে। টানা দুই ছক্কা আর চার খাওয়ার পর হতাশায় ক্যারিবীয় অফস্পিনার যে ‘শব্দ’টা উচ্চারণ করলেন, আইসিসি আজ তাঁকে জরিমানা করে কি না, সেটিই দেখার (একই কারণে আইসিসি কিন্তু বাংলাদেশের রুবেল ও আবু হায়দারকে জরিমানা করেছে)। উইন্ডিজ খেলোয়াড়দের আরও হতাশায় ডোবাতে লিটনের ব্যাট চলতে থাকল। বাংলাদেশ যে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে ৫০ পেরোল, আর পাওয়ার প্লেটা অসাধারণভাবে কাজে লাগাল, তাতে বড় অবদান এ তরুণ ওপেনারেরই।
দলকে ভালো শুরু এনে দেননি, সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো পেয়েছেন ফিফটি। ৬ চার আর ৩ ছক্কায় ১৯০.৬২ স্ট্রাইকরেটে ৩২ বলে ৬১ রান করে থামার আগে দলকে দিয়ে গেছেন চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি। এমন দুর্দান্ত ইনিংসের পর ম্যাচসেরার পুরস্কার তিনি যে পাবেন, সেটিই স্বাভাবিক। তবে লিটনের কাছে এটির তাৎপর্য অন্য রকম, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের নায়ক হওয়ার সুযোগ যে পেলেন এই প্রথম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটনের প্রতিক্রিয়া হলো বেশ পরিমিত। সে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের চেয়ে বেশি বললেন দলের অর্জন নিয়ে, ‘আমাদের দলের জন্য বড় জয় এটা। ওরা অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তারা বিশ্ব চ্যাম্পিয়ন। উইকেটটা আমাদের দেশের মতোই। এটা আমার প্রথম ফিফটি (সীমিত ওভারের ক্রিকেটে)। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।’
তরুণ খেলোয়াড়েরা ভালো করতে পারছেন না, কথাটা বেশি উচ্চারিত হয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে। লিটনের এই ইনিংসটা আজ প্রমাণ করল, সিনিয়র এবং তরুণ খেলোয়াড়েরা যদি একসঙ্গে জ্বলে ওঠেন, বাংলাদেশ সাফল্য পাবেই, খেলাটা দেশে হোক কিংবা বিদেশে।