লিটন-নুরুলের ঝোড়ো জুটি

ঝোড়ো ব্যাটিং করেছেন লিটনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিল ওয়াগনারের কবলে পড়ে চা-বিরতির আগেই ৫ উইকেট হারালেও লিটন দাস ও নুরুল হাসানের ঝোড়ো জুটিতে প্রতি-আক্রমণ করেছে বাংলাদেশ। ড্যারিল মিচেল এসে ভেঙেছেন দুজনের ১০৫ বলে ১০১ রান জুটি। মিড-অফে ওয়াগনারের দারুণ ক্যাচে পরিণত হয়েছেন নুরুল, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ বলে ৭৮ রান করে অপরাজিত আছেন লিটন। ১৫৪ রানে পিছিয়ে থেকে দিনের শেষ ঘণ্টার খেলা শুরু করবে বাংলাদেশ।

চা-বিরতির আগে শেষ ওভারেই নিল ওয়াগনারের দুটি শর্ট বলে দারুণ পুলে দুটি চার মেরেছিলেন লিটন—প্রথমটি বিহাইন্ড দ্য স্কয়ারে, পরেরটি ইনফ্রন্ট অব স্কয়ারে। আগের সেশন যেখানে শেষ করেছিলেন, পরেরটি শুরু করেন সেখান থেকেই। লিটনের সঙ্গে যোগ দেন নুরুলও। অবশ্য ৫৫তম ওভার থেকে টান পেয়ে অস্বস্তিতে ভুগছিলেন নুরুল, তবে দ্রুত থামেননি তিনিও।

প্রতি-আক্রমণের নেতৃত্বটা অবশ্য লিটনই দেন। চা-বিরতির আগে-পরে এ দুজনের জুটিতে ১২ ওভারের মধ্যে আসে ১৮টি বাউন্ডারি। নুরুল মারেন ৭টি, লিটন ১১টি। দুজনের জুটি শতরান ছুঁয়ে ফেলে মাত্র ৯৮ বলে, ১০৫ বলে ওঠে ১০১ রান।

নুরুলের উইকেটে ভেঙেছে জুটি
ফাইল ছবি: প্রথম আলো

জেমিসনের এক ওভারে ওঠে ১৭ রান। দুটি চারের সঙ্গে আপার কাটে থার্ডম্যান দিয়ে ছয়ও মারেন সে ওভারে লিটন। এরপর বোল্টের ওভারে আসে আরও ১৬ রান। সে ওভারে লিটনই মারেন চারটি চার। প্রথমটিতে আউটসাইড-এজ হলেও লিটন সে শটেই পেয়ে যান অর্ধশতক, ৬৯ বলে। তাঁর পরের তিনটি বাউন্ডারিতে ছিল দুর্দান্ত টাইমিং।

লিটন-নুরুলের জুটি ভাঙেন ড্যারিল মিচেল। তাঁকে তুলে মারতে গিয়েছিলেন নুরুল, মিড-অফ থেকে পেছন দিকে ছোটা নিল ওয়াগনারের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। এর আগে ৫৪ বলে করেন ৩৬ রান।

নুরুল আউট হওয়ার পর গতি কমে আসে লিটনেরও।