লিটনকে টপকে রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনি তালুকদার
রনি তালুকদার

দুজনই ওপেনার, ঘরোয়া মৌসুম দুর্দান্ত কেটেছে দুজনেরই। ঢাকা প্রিমিয়ার লিগের পর জাতীয় লিগেও দুজনের ব্যাটে ছিল রানের স্রোত। এনামুল হকের চোট আর ইমরুল কায়েসের বাজে ফর্ম মিলিয়ে ওই দুজনের একজন যে দলে আসছেন, একরকম নিশ্চিতই ছিল। জল্পনাকল্পনা ছিল, কোন জন? গত কদিনের যা গুঞ্জন, তাতে মনে হচ্ছিল ওয়ানডে দলে লিটন দাসের সম্ভাবনাই বেশি। কিন্তু অভিজ্ঞতা বিবেচনায় শেষ পর্যন্ত নির্বাচকেরা বেছে নিলেন রনি তালুকদারকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন ডানহাতি ওপেনার।
১৪ সদস্যের এই দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান। বিশ্বকাপে শেষ পর্যন্ত টিকে যাওয়া ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ইমরুল, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম। জায়গা হয়নি পেসার আল আমিন হোসেন ও লেগ স্পিনার জুবায়ের হোসেনের।
জাতীয় লিগে এবার ৫ সেঞ্চুরিতে রেকর্ড ১০২৪ রান করেছেন লিটন, দুটি ডাবল সেঞ্চুরিতে রনি করেছিলেন চতুর্থ সর্বোচ্চ ৭৭৭। ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে আবার এগিয়ে ছিলেন রনি। দুই সেঞ্চুরিতে ৫১ গড়ে করেছিলেন ৭১৪ রান। ৪২.৮৭ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮৬ রান করেছিলেন লিটন। দুজনের একজনকে বেছে নেওয়া খুবই কঠিন ছিল, স্বীকার করলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতাটাই পক্ষে গেছে ২৪ বছর বয়সী রনির, ‘দারুণ একটি বিশ্বকাপের পর দল নির্বাচন খুব কঠিন ছিল না। কিন্তু এই দুজনের একজনকে নির্বাচন করতে লম্বা সময় লেগেছে আমাদের। লিটনের চেয়ে রনি একটু অভিজ্ঞ, ৫-৬ বছর ধরেই ঘরোয়া ক্রিকেট খেলছে। অনেক শট খেলতে পারে, সাইড শট ভালো খেলে। দারুণ ছন্দে আছে। আর কোনো ক্রিকেটার ছন্দে থাকতেই দলে নেওয়া জরুরি। আমাদের মনে হয়েছে, এ মুহূর্তে রনি একটু এগিয়ে আছে।’
তবে ২০ বছর বয়সী লিটনের জন্যও রয়েছে প্রধান নির্বাচকের আশার বাণী, ‘লিটনও কিন্তু দারুণ খেলছে। ঘরোয়া ক্রিকেট খুব বেশি দিন না খেললেও ওকে আমাদের প্রায় প্রস্তুত মনে হয়েছে। সামনেই কোনো একটা ফরম্যাটে হয়তো সুযোগ পাবে।’
অভিজ্ঞতার পাশাপাশি দুজনের একজনকে নির্বাচনে ভূমিকা রেখেছে ফিল্ডিংও। লিটন উইকেটকিপার ব্যাটসম্যান, ঘরোয়া ক্রিকেটে আউটফিল্ডে ফিল্ডিং প্রায় করতেই হয়নি। কিন্তু জাতীয় দলে উইকেটের পেছনে মুশফিক থাকায় লিটনকে ফিল্ডিং করতেই হতো। এই বিবেচনায় একটু এগিয়ে গেছেন রনি। এটা খুব বড় কিছু নয়, তবে লড়াই যখন প্রায় সমানে সমান, তখন পার্থক্য গড়ে দিয়েছে এই ছোট ব্যাপারটিও।
পেসার আবুল হাসান যেমন আল আমিন, শফিউলদের টপকে গেছেন ব্যাটিংটা ভালো বলে, ‘আমাদের সেরা পছন্দ হয়তো ছিল শফিউল। কিন্তু ওর হাতে একটা অস্ত্রোপচার হয়েছে। তা ছাড়া আবুল হাসান অলরাউন্ডার, ব্যাটিংটাই ওকে এগিয়ে রেখেছে।’ চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকায় বিবেচনা করা হয়নি এনামুলকেও। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে কাঁধে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়েছিল এনামুলের। অস্ত্রোপচারের পর ব্যাটিং শুরু করেছেন, পুরো ফিট হতে পারেন ২৩ এপ্রিল নাগাদ। আল আমিনকে শৃঙ্খলাজনিত কারণে বিশ্বকাপ থেকে ফেরানো হয়েছিল দেশে। তবে প্রধান নির্বাচক জানালেন, পারফরম্যান্সের কারণেই রাখা হয়নি এই পেসারকে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খুব একটা কার্যকরী হবেন না ভেবে রাখা হয়নি লেগ স্পিনার জুবায়েরকে। আর তাইজুলকে না রাখায় প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘সাকিবের পাশাপাশি আরেকজন বাঁহাতি স্পিনার দলে আছে (আরাফাত সানি)। মাহমুদউল্লাহ আছে, নাসিরও বিশ্বকাপে খুব ভালো বোলিং করেছে। একজন ব্যাটসম্যান ভালো বোলিং করলে আমরা তাকে সুযোগ দিতে চাই। আর তাইজুলের জন্য টেস্ট ম্যাচ তো আছেই।’
নিষেধাজ্ঞার কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম ম্যাচ খেলতে না পারলেও রাখা হয়নি তাঁর বিকল্প। দলে পেসার ৩ জনই। ১৭ এপ্রিলের ম্যাচে টস করবেন মাশরাফির ডেপুটি সাকিব আল হাসান। পরের ম্যাচটি ১৯ এপ্রিল।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান, রুবেল হোসেন, আরাফাত সানি।
নতুন মুখ: রনি তালুকদার
দলে ফিরেছেন: আবুল হাসান
বাদ পড়েছেন: শফিউল ইসলাম, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম