লিটনের ‘নড়বড়ে নব্বই’ জয়
টেস্ট ক্রিকেটে ৯০ পার হলেই কী যেন হতো লিটন দাসের! ৯০-এর ঘরে দুবার গিয়ে দুবারই ফেরত এসেছেন তিন অঙ্কের দেখা না পেয়ে। দুবারই ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন আরও একবার ৯০-এর ঘরে গেল ইনিংসটা, লিটনের মনেও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে—এবার হবে তো?
অবশেষে হয়েছে। লিটন দাস শেষ পর্যন্ত জয় করলেন ‘নড়বড়ে নব্বই’-এর চাপ। আজ আর ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছানোর চেষ্টা করেননি বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান। এক-দুই রান করে নিয়েই এগিয়েছেন লক্ষ্যের দিকে। আর তাতেই ধরা দিয়েছে লিটনের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
লিটন সর্বশেষ নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে গত হারারে টেস্টে। প্রথম ইনিংসে ৯৫ রান করে আউট হয়ে যান তিনি। এর আগে সেঞ্চুরির সুযোগ এসেছিল ২০১৮ সালের জানুয়ারিতে এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। সেবার সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতেই ফিরতে হয় তাঁকে।
আজ যখন টেস্টে তাঁর কাঙ্ক্ষিত প্রথম সেঞ্চুরিটা এল, ইনিংসের ৭৮তম ওভারের খেলা চলছিল তখন। বেলা পড়ে আসায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আলোও কমে আসছিল। একটু পরই শেষ হয়ে যাবে দিনের খেলা। লিটনের সেঞ্চুরির অপেক্ষা কি তাহলে থেকে যাবে দ্বিতীয় দিন পর্যন্ত? ঠিক ওই সময় বাঁহাতি স্পিনার নোমান আলীর ফুল লেংথের বলটাকে মিড অফে ঠেলে দিয়ে রানের জন্য ছোটেন লিটন।
ফিল্ডার শাহিন শাহ আফ্রিদির থ্রোটা যখন স্টাম্প অতিক্রম করছিল, তখনো লিটন ক্রিজে পৌঁছাননি। ভাগ্য ভালো বলটা স্টাম্পে লাগেনি। ঝাঁপিয়ে পড়ে রান পূর্ণ করেন লিটন, তাতে পাওয়া হয়ে যায় টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরিও।
অন্য প্রান্ত থেকে এসে লিটনের পিঠ চাপড়ে দেন মুশফিক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রায় হাজার চারেক দর্শকের মুখে তখন ‘লিটন’, ‘লিটন’ ধ্বনি। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনেও ছোটখাটো একটা উৎসব। তাঁদের উদ্দেশে মুখে হাসি টেনে ব্যাট তুলে উদ্বাহু হলেন লিটন।
সকালে বাংলাদেশের স্কোরবোর্ডে ৪৯ রান উঠতে না উঠতেই আউট টপ অর্ডারের চার ব্যাটসম্যান। মুশফিকের সঙ্গে লিটনের ইনিংস মেরামতের কাজটা শুরু হয় সেখান থেকেই। দুজনের জুটির রসায়নটাও জমেছে দারুণভাবে। পঞ্চম উইকেট জুটিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিক-লিটন। দিন শেষ হওয়া পর্যন্ত দুজন মিলে যোগ করেছেন ২০৪ রান। ২২৫ বল খেলে ১১৩ রান করে দিন শেষে অপরাজিত লিটন। ১৯০ বল খেলে মুশফিক অপরাজিত ৮২ রানে। শুরুটা খারাপ হলেও এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই টেস্টের প্রথম দিনটা হয়ে গেছে বাংলাদেশের। দিন শেষ হয়েছে ৪ উইকেটে ২৫৩ রানে।
প্রত্যাশিতভাবেই দিনের শেষে ক্যামেরা তাক করা ছিল লিটনের দিকে। তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও।