লিটনের প্রথম ডাবল, অপেক্ষায় নাঈম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ইসলাম: ১৭৬*
নাঈম ইসলাম: ১৭৬*

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলে জাতীয় দলে এসেছিলেন লিটন দাস। ভেঙেছিলেন জাতীয় লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভার ফুল ফোটাতে পারেননি। ফর্ম আর চোট মিলিয়ে জাতীয় দল থেকে বাদ পড়তেও তাই সময় লাগেনি।
সেই লিটন কাল বগুড়ায় পেয়ে গেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। ওয়ানডের আদলে ব্যাটিং করে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ২১৯ রান করেছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ওপেনার। লিটনের ২৪১ বলের ইনিংসে চার ২৬টি, ছক্কা ৪টি। লিটন এর আগে সর্বোচ্চ ১৭৫ রান করেছিলেন ২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের এটি নবম সেঞ্চুরি। অষ্টম সেঞ্চুরিটা বিসিএলের গত আসরে নিজের শেষ ইনিংসেই পেয়েছিলেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।

শুভাগত: ৫/১০১
শুভাগত: ৫/১০১


লিটনের ডাবল সেঞ্চুরির পরও ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের ইনিংস শেষ ৩৬৭ রানে। আর কোনো ব্যাটসম্যান যে ফিফটিও পাননি! দুই অঙ্কই ছুঁয়েছেন আর মাত্র তিনজন—মেহেদী মারুফ (৪১), তাসামুল হক (৩৮) ও আবুল হাসান (৪০)। মধ্যাঞ্চলের অফ স্পিনার শুভাগত হোম নিয়েছেন ৫ উইকেট।
১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে ১ উইকেটে ৬৫ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের চেয়ে এখনো ৭৮ রান পিছিয়ে তারা।
সিলেটে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলেছেন বিসিবি উত্তরাঞ্চলের নাঈম ইসলামও। ১০৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিটি করে নাঈম অপরাজিত আছেন ১৭৬ রানে। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটা খেলতে আটটি টেস্ট খেলা নাঈম যেন ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। ৪৫৭ বলে ১২ চার ও ২ ছয়ে এই রান নাঈমের। ৩০১ বলে সেঞ্চুরি ছোঁয়া নাঈম কি আজ ডাবল সেঞ্চুরি পাবেন?
দরকারি ২৪টা রান তুলে নিতে দলের শেষ তিন ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাঁকে। টানা দুই দিন ব্যাট করে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৭ উইকেটে করেছে ৪৭৪ রান। উত্তরের সাত ও আট নম্বর ব্যাটসম্যান অবশ্য এর আগে ভালো সঙ্গই দিয়ে গেছেন নাঈমকে। ষষ্ঠ উইকেটে ৭৭ রান যোগ করেছেন আরিফুল, সপ্তম উইকেটে সোহরাওয়ার্দী শুভর সঙ্গে নাঈমের জুটিটা ১১৮ রানের। আরিফ ফিফটি পাননি ৭ রানের জন্য, তবে সোহরাওয়ার্দী ফিফটির পরেও যোগ করেছেন আরও ৭ রান।

অনেক দিন পর হাসল লিটন দাসের ব্যাট। কাল বগুড়ায় প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির পর পূর্বাঞ্চলের এই ওপেনারের উদ্‌যাপন l ছবি: বিসিবি
অনেক দিন পর হাসল লিটন দাসের ব্যাট। কাল বগুড়ায় প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির পর পূর্বাঞ্চলের এই ওপেনারের উদ্‌যাপন l ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বগুড়া
মধ্যাঞ্চল: ২২৪ ও ১৮ ওভারে ৬৫/১ (শামসুর ২৯*, রকিবুল ২৯*; ইবাদত ১/২৫)। পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৮.৩ ওভারে ৩৬৭ (লিটন ২১৯, মারুফ ৪১, আবুল হাসান ৪০, তাসামুল ৩৮; শুভাগত ৫/১০১, তাইবুর ৩/৫০)।
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, সিলেট
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৪ ওভারে ৪৭৪/৭ (নাঈম ১৭৬*, জহুরুল ৬৫, সোহরাওয়ার্দী ৫৭, ফরহাদ হোসেন ৪৩, আরিফুল ৪৩, নাসির ৩৯; রাজ্জাক ৩/১৭৪, সোহাগ ২/১০৫)।