লিটনের বদলে শাহরিয়ার
গতকাল শেষ হওয়া প্রথম চার দিনের ম্যাচে তিনি ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের সেরা ব্যাটসম্যান। কিন্তু হাঁটুর চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারছেন না লিটন কুমার দাস। তরুণ এই ওপেনারের বদলে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ওপেনার শাহরিয়ার নাফীসকে। প্রথম ম্যাচের দল থেকে দ্বিতীয় ম্যাচের দলে পরিবর্তন আছে আরও দুটি। সাব্বির রহমান ও মুক্তার আলীর পরিবর্তে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুন ও দেওয়ান সাব্বিরকে।
কক্সবাজারের চার দিনের ম্যাচে দুই ইনিংসে ৫৪ ও ৪২ রান করেছেন লিটন। তবে রানসংখ্যায় বোঝানো যাবে না লিটনের ব্যাটিং। দুরূহ উইকেটেও নিজের সহজাত ব্যাটিং করেছেন, নির্বাচক মিনহাজুল আবেদীনের ভাষায় যেটি ‘অসাধারণ ব্যাটিং’। তবে হাঁটুর চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ১৯ বছর বয়সী ওপেনারকে। সাব্বির ও মুক্তার আছেন এশিয়ান গেমস ক্রিকেট দলের স্কোয়াডে। প্রথম ম্যাচে না খেললেও এই দুজনকে দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়নি এশিয়াডের প্রস্তুতির জন্য। দলে আসা পেসার সাব্বির আগেও খেলেছেন ‘এ’ দলে। আর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে দলে থাকা মিঠুনকে হাতছানি দিচ্ছে আরও বড় সুযোগ, জানালেন মিনহাজুল, ‘জাতীয় দলে অনেক ব্যাটসম্যানই ভালো করছে না। এই বিবেচনাতেই মিঠুনকে দলে নেওয়া। সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে। মিঠুন ঘরোয়া ক্রিকেটে রান করেছে। এখন দেখি চার দিনের ম্যাচে কেমন করে।’
ফতুল্লায় রোববার থেকে শুরু হওয়ার কথা জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ। তবে হরতালের কারণে ওই ম্যাচ পিছিয়ে যেতে পারে এক দিন।