লিড এক শ পার করে ফিরলেন মিরাজ
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭৩ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলী। আজ চতুর্থ দিন সকালে ভালোই ব্যাট করছিলেন দুজন। মিরাজ ৪৭ ও ইয়াসির ২৬ রানে ব্যাট করতে ভেঙেছে দুজনের জুটি।
লিড শতরান পার করার সঙ্গে সপ্তম উইকেটে ১৬০ বলে ৭৫ রানের জুটি গড়েন মিরাজ-ইয়াসির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ১৭৩ ওভারে ৭ উইকেটে ৪৪৬ রান তুলেছে বাংলাদেশ। লিড এরই মধ্যে ১১৮। নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
দিনের তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রের বলে রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ। সুইপ করেন তিনি। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়ার পর ভিডিও রিপ্লেতে দেখা যায় বল তাঁর গ্লাভসে লেগেছিল।
পরের ওভারে নিল ওয়াগনারের বলে আবারও রিভিউ নিয়ে বাঁচেন মিরাজ। এবারেও এলবিডব্লুর আবেদন এবং সাড়া দেন আম্পায়ার। ভিডিও রিপ্লেতে দেখা যায় বল তাঁর ব্যাট ছুঁয়েছে।
বাংলাদেশের উইকেট পেতে মরিয়া নিউজিল্যান্ড সকালে প্রথম ১১ ওভারের মধ্যেই চার পেসার ব্যবহার করেছে। ব্যক্তিগত ২৭ রান ব্যাট করতে টিম সাউদির উঠে আসা বলে হাতে আঘাত পেয়েছিলেন মিরাজ। ফিজিও-র সাহায্য নিয়ে সুস্থ হয়ে রোদচশমা পরে ব্যাট করেন কিছুক্ষণ। সম্ভবত রোদে বল দেখতে সমস্যা হওয়ার জন্য।
ব্যক্তিগত ৪৩ রানে টেস্ট ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলকের দেখা পান মিরাজ। এরপর ৪৭ রানে টিটম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। শটটি খেলার কোনো দরকার ছিল না। ৮৮ বলের ইনিংসে অর্ধশতক না পাওয়ার আক্ষেপ থাকবে মিরাজের।
ইয়াসির অন্য প্রান্তে আস্থার সঙ্গে ব্যাট করছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। মাউন্ট মঙ্গানুই টেস্টে ভিত শক্ত করতে প্রথম ইনিংস আরও বড় করা প্রয়োজন বাংলাদেশের। শেষের ব্যাটসম্যানদের নিয়ে সে কাজটাই করছেন ইয়াসির।