দিনের প্রথম ওভারেই মুশফিকের বিদায়
হাসান আলীর করা দিনের প্রথম বলেই চার মেরে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন মুশফিকুর রহিম। সে আনন্দ বেশীক্ষণ টেকেনি। তৃতীয় বলেই মুশফিককে বোল্ড করে বদলা নিয়েছেন এই পেসার। ৩৩ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান। ক্রিজে নেমেছেন লিটন দাস। ৪৩ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের
বেঁচে গেলেন লিটন
বড় বাঁচা বেঁচে গেলেন লিটন। নোমান আলীর বলে তেড়েফুঁড়ে মারতে গিয়েছিলেন, মিস করলেন বল। পেছনে থাকা উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান বলটা ধরতে পারেননি, মিস করেছেন স্টাম্পিংয়ের সুবর্ণ সুযোগ। রিজওয়ানের প্যাডে লাগে বল। এর পরেই অবশ্য ইয়াসির আলী চার মেরে বাংলাদেশকে একটু চাপমুক্ত করেন। ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান। বাংলাদেশের লিড ১১৩ রানের
স্বচ্ছন্দে ব্যাট করছেন ইয়াসির
৬৫ বলে ৩০ রানে অপরাজিত আছেন ইয়াসির আলী। এর মধ্যেই হাত খুলে খেলার ইঙ্গিত দিয়েছেন নোমান আলী, হাসান আলীকে চারটা চার মেরে। ওদিকে লিটনও যোগ্য সাহচর্য দিয়ে যাচ্ছেন। ২৯ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৫, লিড ১২৯ রানের
অবসরে ইয়াসির
শর্ট বলে তেমন স্বচ্ছন্দ না ইয়াসির আলী, সেটা গতকাল থেকেই বোঝা যাচ্ছিল। পাকিস্তানি পেসাররাও সেটা লক্ষ্য করেছিলেন নিশ্চিত। না হয় হাসান আলী, শাহিন শাহ আফ্রিদিরা নিয়মিত বাউন্সার মেরে যাবেন কেন? সেই বাউন্সারগুলোর একটাই কাল হলো। শাহিনের বাউন্সারে ইয়াসিরের হেলমেটে আঘাত লাগলে তখনই চিকিৎসক দলের তৎপরতায় নিশ্চিত হওয়া যায়, বাজে কিছু হয়নি ইয়াসিরের। কিন্তু কিছুক্ষণ পরেই নোমান আলীর ওভার শেষ হওয়ার পর অবসরের সিদ্ধান্ত নেন ইয়াসির। ৭২ বলে ৩৬ রান করেছেন তিনি। ক্রিজে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে বাংলাদেশ, লিড ১৩৪ রানের।
১০০ পেরোলো বাংলাদেশ
সাজিদ খানের ওভারের প্রথম বলটাকে ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান তুলে নিয়েছেন লিটন দাস। আর তাতেই স্কোরবোর্ডে ১০০ রান জমা পড়েছে বাংলাদেশের। ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে বাংলাদেশ, লিড ১৪৫ রানের। ক্রিজে অপরাজিত আছেন লিটন আর মিরাজ।
রিভিউ নিয়ে বাঁচলেন লিটন
সাজিদ খানের বলটা বেশ ভালোই স্পিন করেছিল। প্যাডে লেগে শর্ট লেগে বল চলে গেলে সেখানে ক্যাচ নেন এক পাকিস্তানি ফিল্ডার। সাজিদ খানের আবেদনে সাড়া দেন আম্পায়ার, কিন্তু লিটন রিভিউ নেন। রিভিউতে দেখা যায় ব্যাটে স্পর্ষ করেনি বল, ফলে সে যাত্রায় বেঁচে যান লিটন। এরপর এলবিডব্লু হয়েছে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য রিভিউতে দেখা যায় লিটন এলবিডব্লুও হননি। ফলে বেঁচে যান লিটন। ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৫ রান। লিড ১৪৯ রানের
বাংলাদেশের লিড ১৫০ রানের
পেসার ফাহিম আশরাফের বলটা স্কোয়্যার লেগে ঠেলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বলটা নিয়ে হাসান আলী ফেরত পাঠাতে পাঠাতেই একবার ক্রিজবদল হয়ে যায় লিটন-মিরাজের। আর তাতেই নিশ্চিত হয়, অন্তত ১৫০ রানের লিড পাচ্ছে বাংলাদেশ। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০৬ রান। লিটন ২৮ ও মিরাজ ৬ রানে অপরাজিত
ইয়াসিরের ‘কনকাশান বদলি’ হচ্ছেন নুরুল
এই ইনিংসে আর ব্যাট করতে নামবেন না ইয়াসির। তাঁর জায়গায় ‘কনকাশান (মাথায় আঘাতজনিত সমস্যা) বদলি’ হিসেবে ঘোষণা করা হয়েছে নুরুল হাসানের নাম। নিয়মানুযায়ী নুরুল ব্যাট করতে পারবেন ঠিকই, কিন্তু বল করতে পারবেন না
সাজিদ তুলে নিলেন মিরাজকে
কিছুক্ষণ আগেই সাজিদ খানের এক গুগলিতে পরাস্ত হয়েছিলেন লিটন, সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচেছিলেন। মিরাজের ক্ষেত্রে ভাগ্য তেমন সহায় হলো না। সাজিদের ঘূর্ণি বুঝতে ভুল করলেন, বল সোজা গিয়ে লাগল মিরাজের প্যাডে। আর তাতেই এলবিডব্লুর আবেদন, আঙুল তুললেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি মিরাজের। ১১৫ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ, মিরাজ করেছেন ১১ রান, ৪৪ বলে। ক্রিজে নেমেছেন ইয়াসিরের কনকাশান বদলি নুরুল হাসান
রিভিউ নিয়েও লাভ হলো না পাকিস্তানের
ইনিংসের এই পর্যায়ে সাজিদ খানের স্পিন বেশ ভালোই ভোগাচ্ছে বাংলাদেশকে। তাঁরই এক গুগলি পড়তে ভুল করলেন ইয়াসিরের কনকাশান বদলি হিসেবে নামা নুরুল। ভাগ্য ভালো, ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল চলে গেলেও ব্যাটের স্পর্শ লাগেনি। ফলে রিভিউ নিয়েও নুরুলকে আউট করতে পারেনি পাকিস্তান। ৪৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে বাংলাদেশ। লিড ১৫৯ রানের। আর এই ওভারেই শেষ হলো প্রথম সেশনের
লিটনের চারে শুরু দ্বিতীয় সেশন
৪ উইকেট হাতে নিয়ে ১৫৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় সেশন শুরু করেছে বাংলাদেশ।
হাসান আলীর বোলিং দিয়ে শুরু করেছে পাকিস্তান। ওভারের চতুর্থ বলেই গালি ও তৃতীয় স্লিপের ফাঁক গলে দারুণ চার মেরেছেন লিটন দাস।
মধ্যাহ্নবিরতির পর প্রথম ওভারে ৬ রান পেয়েছে বাংলাদেশ। লিটন দাস অপরাজিত ৩৭ রানে, তাঁর সঙ্গী নুরুল হাসানের রান ১।
সেশনে আগ্রাসী শুরু লিটন-নুরুলের
সেশনের প্রথম ওভারে হাসান আলীকে চার মেরেছেন লিটন। পরের ওভারে নুরুল দুই চার মেরেছেন সাজিদ খানকে। পরের ওভারে আবার হাসান আলীকে চার মারেন লিটন। চারের ধারা পরের ওভারে ধরে রাখলেন নুরুল, তাঁর চার এল শাহিন আফ্রিদির বলে। শাহিনের পরের ওভারেও আরেক চার নুরুলের।
এ দুজনের ব্যাটে সেশনে বেশ আগ্রাসী শুরুই হলো বাংলাদেশের। ৪৫ ওভারে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আর সেশনের প্রথম ৫ ওভারে এসেছে ২৭ রান। ৫০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৪২।
শতকের পর এবার লিটনের অর্ধশতক
আগের ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া লিটন এই ইনিংসেও পেয়ে গেলেন অর্ধশতক।
৫২তম ওভারে শাহিনের বলে শাহিনের বলে দারুণ কাভার ড্রাইভে চার মেরে ৪৯ রানে পৌঁছান লিটন, পরের বলে এক রান নিয়েই পেয়ে যান অর্ধশতক। ৮৩ বলে এল তাঁর অর্ধশতক।
লিটনকে একা ফেলে বিদায় নিলেন নুরুলও
সকাল থেকেই সাজিদ খানকে সামলাতে বেশ হাঁসফাস করছিল বাংলাদেশ। নুরুলও আউট হলেন সেই সাজিদকে পড়তে না পেরে। এই স্পিনারের বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নুরুল। ৩৩ বলে ১৫ করেছেন তিনি। ক্রিজে এসেছেন তাইজুল। সাত উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ। লিড ২০০ রানের
লিটনের বিদায়ে পথহারা বাংলাদেশ
নুরুলের ৪ রান আর ১৬ বল পর আউট হয়ে গেলেন লিটনও। রাউন্ড দ্য উইকেট থেকে আসা শাহিনের বলে এলবিডব্লু হয়ে গেছেন কিছুক্ষণ আগেই অর্ধশতক পাওয়া লিটন। রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে বাঁচতে পারেননি। ৫৯ রান করে আউট হয়েছেন লিটন।
হঠাৎ জোড়া আঘাতে এখন এলোমেলো বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির পর নুরুল আর লিটনের আগ্রাসী ব্যাটিং যেখানে বাংলাদেশকে আশা দেখাচ্ছিল, তিন ওভারেরও কম সময়ে দুজনের বিদায়ে এখন বাংলাদেশের লিড ২৫০-ও পেরোবে কি না, তা নিয়ে শঙ্কা। এই মুহুর্তে লিড ২০১ রানের।
আবার উইকেট!
যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, তা-ই হচ্ছে। লিটনের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন আবু জায়েদ, কিন্তু তিন বলের বেশি টিকতে পারেননি তিনি। শাহিনের নিচু বাউন্সার এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শরীরের পাশাপাশি হাতে থাকা ব্যাটটাকেও যে আরেকটু নিচে রাখতে হতো, তা-ই ভুলে যান আবু জায়েদ। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল উইকেটকিপারের গ্লাভসে।
একই ওভারে লিটনের পর আবু জায়েদকেও ফিরিয়ে ইনিংসে শাহিনের পাঁচ উইকেট হয়ে গেল! ১৫৭ রানে ৯ উইকেট হারাল বাংলাদেশ। লিড ২০১ রানেই আটকে আছে।
অলআউট বাংলাদেশ
অষ্টম ব্যাটসম্যান হিসেবে লিটন আউট হওয়ার পরই ধারণা করে নেওয়া যাচ্ছিল, বাংলাদেশের ২০১ রানের লিড হয়তো খুব বেশি আর বাড়বে না। কিন্তু ১ রানও বাড়ল না! আগের ওভারে আবু জায়েদ আউট হতে ইবাদত হোসেন ক্রিজে এসেছিলেন। শাহিনের ওভারের শেষ বলে ইয়র্কারটা কোনোরকমে সামলেছিলেন ইবাদত। সাজিদ খানের পরের ওভারে স্ট্রাইকে গেলেন ইবাদতের চেয়ে অপেক্ষাকৃত ভালো ব্যাটসম্যান তাইজুল। কিন্তু প্রথম বলেই আউট!
সঙ্গী আর কোনো ব্যাটসম্যান এরপর নেই, তাঁকেই যা করার করতে হবে ভেবেই কি না, প্রথম বলেই সাজিদকে এগিয়ে এসে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তাইজুল। কিন্তু ব্যাটে-বলে হলো না। পাকিস্তান উইকেটকিপার রিজওয়ানের জন্য তাইজুলকে স্টাম্পড করা তখন তো হাতের মোয়া!
১৫৭ রানেই অলআউট হলো বাংলাদেশ।
২২ বল, ৫ রান, ৪ উইকেট
৬ উইকেটে ১১৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতির পর শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর লিটন আর নুরুল মিলে দারুণ ব্যাটিংই করছিলেন। কিন্তু জুটিটা ঘিরে আশা যখনই গড়ে উঠছে, তখনই ধাক্কা! এমনভাবেই ধাক্কা লাগল যে, বাংলাদেশ অলআউট হতেও এরপর আর সময় লাগেনি।
৫৩তম ওভারের চতুর্থ বলে সাজিদ খানের বলে নুরুল আউট হতেই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। তখনো লিটন দাস ছিলেন, কিন্তু তিনিও ১৬ বল পর বিদায় নিলেন, শাহিনের বলে এলবিডব্লু হয়ে গেলেন। শেষ দুই ব্যাটসম্যান এরপর আর পাকিস্তানের বোলার-ফিল্ডারদের তেমন কষ্ট দেননি, ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ।
৬ উইকেটে ১৫৩ থেকে চোখের পলকে অলআউট বাংলাদেশ! আরও নির্দিষ্ট করে বললে, ২২ বলে ৫ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। লিটন-নুরুলের জুটির সময়ে যেখানে ২৫০-৩০০ রানের লক্ষ্য দেওয়ার কথাও ভাবতে পারছিল বাংলাদেশ, সেখানে শেষ পর্যন্ত পাকিস্তানকে ২০২ রানের বেশি লক্ষ্য দেওয়া যায়নি।
রিভিউতে আশাভঙ্গ বাংলাদেশের
তাইজুল ইসলামের করা প্রথম ওভারে ১ রান নিতে পেরেছে আবদুল্লাহ শফিক ও আবিদ আলীর উদ্বোধনী জুটি। ইবাদতের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে অবশ্য আশাভঙ্গ হয়েছে বাংলাদেশের। উইকেটকিপারের হাতে বল যেতেই ক্যাচ আউটের আবেদন করে বাংলাদেশ দল, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নেয়, কিন্তু রিভিউতে দেখা যায়, বল ব্যাটে লাগেইনি। ওভারে কোনো রান আসেনি।
২ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ১।
মিসফিল্ড, তাইজুলের রাগ, ওভারে ৭ রান
তৃতীয় ওভারে বোলিংয়ে তাইজুল। চতুর্থ বলে আবিদ আলী মিডউইকেটে ঠেলে দিয়েছিলেন। সেখানে থাকা ফিল্ডার ঝাঁপিয়ে পড়লেও তাঁর টাইমিং ঠিক হয়নি। বল তাঁর হাতের ফাঁক গলে বেরিয়ে যায়। তা দেখে মহাখ্যাপা তাইজুল। ৩ রান পায় পাকিস্তান। ওভারের শেষ বলেও আবার একই জায়গায় ঠেলে ৩ রান পান আবদুল্লাহ শফিক। এবারও ফিল্ডারের হাত গলেই বল বেরিয়েছে বলে মনে হলো! ওভারে এসেছে ৭ রান।
৩ ওভারে ৮ রান পাওয়া পাকিস্তান পরের ওভারে ইবাদতের ছয় বলে নিতে পেরেছে ১ রান। ৪ ওভারে তাদের রান বিনা উইকেটে ৯।
দেখেশুনে শুরু আবিদ-শফিকের
পঞ্চম ওভারের শেষ বলে হাঁটু গেড়ে বসে তাইজুলের বলটাকে স্কয়ার লেগে সীমানাছাড়া করেছেন আবদুল্লাহ শফিক, ইনিংসের প্রথম চার সেটি। পরের ওভারের চতুর্থ বলে ইবাদতের বলে পয়েন্টে চার মারলেন আরেক ওপেনার আবিদ আলীও।
ইবাদতের পরের ওভারে আবার আগ্রাসী আবিদ আলী। প্রথম বলে দারুণ কাভার ড্রাইভে চার, এক বল পর চার মিডউইকেট দিয়ে। শেষ বলে শফিকের দুই রানে ওভারে এল ১১ রান। ৮ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ২৮।
১২ ওভার শেষে পাকিস্তান ৩৮/০
চা বিরতির আগে ৭২ বলের মধ্যে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আবিদ আলী ও আবদুল্লাহ শফিক দুজনই খেলেছেন ৩৬টি করে বল। আবিদের রান ২০, তিনি চার মেরেছেন ৩টি। ১৮ রান করার পথে শফিক চার মেরেছেন দুটি।
বাংলাদেশ এ পর্যন্ত তিনজন বোলারকে কাজে লাগিয়েছে। দশম ওভারে বোলিংয়ে এসে মিরাজ ২ ওভারে দিয়েছেন ৭ রান। চা বিরতির আগের শেষ ওভারে তাঁর বলে এগিয়ে এসে এক্সট্রা কাভার দিয়ে চার মেরেছেন শফিক। তাইজুল ৬ ওভারে দিয়েছেন ১৫ রান। পাকিস্তানের পাঁচ চারের তিনটিই এসেছে ইবাদতের বলে।
দিনটা দারুণ কেটেছে পাকিস্তানের, সেশনটাও
দ্বিতীয় সেশনে বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নিয়েছে পাকিস্তান। লিটন আর নুরুলের ব্যাটে সেশনে শুরুটা বাংলাদেশেরই ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত ৫ রানে ৪ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ। সেশনে বাংলাদেশকে ৪২ রানের মধ্যে গুটিয়ে দিয়ে লক্ষ্যটাকে ২০০-র আশপাশেই রেখেছে (২০২) পাকিস্তান।
একে তো লক্ষ্য খুব একটা বড় নয়, তারওপর পাকিস্তানকে শুরুতে ধাক্কাও দিতে পারেনি বাংলাদেশ। চা বিরতির আগের ১২ ওভারে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিককে তেমন কোনো পরীক্ষায়ই পড়তে হয়নি। চতুর্থ দিনে আজ ম্যাচের ফল দেখার সম্ভাবনা নেই বললেই চলে, তবে কাল পঞ্চম দিনে নিজেদের কোনো সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে শেষ সেশনে বোলিংয়ে দারুণ কিছুই করতে হবে।
চায়ের স্বাদে চার আবিদের
চা বিরতি থেকে ফিরে এখন চার ওভারে ৬ রান পেয়েছে পাকিস্তান, এর মধ্যে বাউন্ডারি একটি। প্রথম দুই ওভার মেডেনের পর তৃতীয় ওভারের প্রথম বলেই তাইজুলের বলে সুইপ করে চার মারেন আবিদ। ১৬ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ৪৪। আবিদের রান ২৫, শফিকের ১৯।
মিরাজের ১১ রানের ওভার
প্রথম বলে দারুণ কাভার ড্রাইভে চার আবিদ আলীর। পরের বলে বুদ্ধিদীপ্ত শটে বলটাকে স্লিপে দাঁড়ানো একমাত্র ফিল্ডারের পাশ দিয়ে পাঠিয়ে দিলেন, এল ৩ রান। এই ৩ রানে পাকিস্তানের ইনিংসে অর্ধশতকও পেরিয়ে গেল। এক বল বিরতির পর আবার চার, এবার এগিয়ে এসে মিডউইকেটে বলকে সীমানাছাড়া করলেন আসাদ শফিক।
মেহেদী হাসান মিরাজের করা ১৮তম ওভারটা বেশ খরুচেই হলো। ওভারে ১১ রান নিয়ে পাকিস্তানের রান বিনা উইকেটে ৫৬। আবিদ অপরাজিত ৩৩ রানে, শফিক ২৩ রানে।
অর্ধশতক
পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আবিদ আলী দ্বিতীয় ইনিংসেও জমে গেছেন উইকেটে। ২৯তম ওভারে অর্ধশতক তুলে নিলেন এ ওপেনার। জয়ের জন্য আর ১০৫ রান দরকার পাকিস্তানের। ৫১ রানে ব্যাট করছেন আবিদ। ৪৫ রানে অপরাজিত আব্দুল্লাহ শফিক।
পাকিস্তান ২৯ ওভারে বিনা উইকেটে ৯৭।
শতরানের জুটি
চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ১৪৬ রানের জুটি গড়েন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় ইনিংসেও শতরান পেরিয়ে গেলেন দুজন। ৩০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১০১। ৫৫ রানে ব্যাট করছেন আবিদ। ৪৬ রানে অপরাজিত শফিক। জয়ের জন্য আর ১০১ রান চাই পাকিস্তানের।
ছক্কা!
মেহেদী হাসান মিরাজকে এগিয়ে এসে ইনিংসের প্রথম ছক্কা মারলেন আব্দুল্লাহ শফিক। লং অনের ওপর মারা শটটি ছিল দেখার মতো। জয়ের বন্দর আর বেশি দূরে নয় পাকিস্তানের জন্য। ৩২ ওভার শেষে বিনা উইকেটে ১০৮ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য আর ৯৪ রান দরকার।
পাকিস্তান বিনা উইকেটে ১০৯
চতুর্থ দিনের খেলা শেষে বিনা উইকেটে ১০৯ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য আর ৯৩ রান চাই পাকিস্তানের। ৫৬ রানে অপরাজিত আবিদ আলী। অন্য প্রান্তে ৫৩ রানে অপরাজিত আব্দুল্লাহ শফিক। ৩৩ ওভার ব্যাট করেছে পাকিস্তান।
চতুর্থ দিনটা পাকিস্তানের
৪ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আজ ৩৭.২ ওভার পর্যন্ত টিকেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এর মধ্যে ১১৮ রান খরচ করে বাংলাদেশের বাকি ৬ উইকেট তুলে নেয় পাকিস্তানের বোলাররা। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে পাকিস্তানকে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
৩২ রানে ৫ উইকেট নেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। ৩৩ রানে ৩ উইকেট অফস্পিনার সাজিদ খানের। ৫২ রানে ২ উইকেট হাসান আলীর।
পাকিস্তানের দুই ওপেনারকে আজ বিপদে ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৫৬ রানে অপরাজিত আছেন আবিদ আলী। ৫৩ রান নিয়ে অন্য প্রান্ত ধরে রেখেছেন আব্দুল্লাহ শফিক। কাল টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই সম্ভবত জয় নিশ্চিত করে নেওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নামবেন দুই ওপেনার। বিনা উইকেটে ১০৯ রান নিয়ে মাঠ ছেড়েছেন তাঁরা। জয়ের জন্য আর ৯৩ রান চাই পাকিস্তানের।
১৬ ওভারে ৩৭ রানে উইকেটশুন্য বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ১০ ওভারে ৩৬ রান দেন মেহেদী হাসান। ৫ ওভারে ২৩ রান দেন পেসার ইবাদত হোসেন। আবু জায়েদ ২ ওভারে ১৩ রান দেন।