লুৎফরের দলে ফিরলেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লেয়ারস বাই চয়েসের ফাঁদে পড়ে গতবার বাধ্য হয়েই খেলেছিলেন অন্য দলে। খেলোয়াড় দলবদল পুরোনো রূপ পাওয়ায় এবার তামিম ইকবালও ফিরলেন লুৎফর রহমানের দলে। কাল তাঁর অফিসে বসেই সই করলেন গাজী ট্যাংকে ।  প্রথম আলো
প্লেয়ারস বাই চয়েসের ফাঁদে পড়ে গতবার বাধ্য হয়েই খেলেছিলেন অন্য দলে। খেলোয়াড় দলবদল পুরোনো রূপ পাওয়ায় এবার তামিম ইকবালও ফিরলেন লুৎফর রহমানের দলে। কাল তাঁর অফিসে বসেই সই করলেন গাজী ট্যাংকে । প্রথম আলো

ক্রিকেটারদের দলবদল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়েই হয় সাধারণত। তবে কাল দলবদলকে ঘিরে থাকা সব আলো যেন এসে পড়ল কারওয়ান বাজারের বিসিআইসি ভবনে!
দলবদলের আনুষ্ঠানিকতা এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামেও হয়েছে। কিন্তু গাজী ট্যাংক ক্রিকেটার্সের কর্ণধার লুৎফর রহমান সব সময় ব্যতিক্রমী কিছু করতে পছন্দ করেন। নিজে খেলোয়াড় নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে না গিয়ে তাই সিসিডিএমের লোকজনকেই ডেকে আনলেন নিজের অফিসে।এলেন তামিম ইকবালও। লুৎফরের অফিস কক্ষে তাঁর পাশে বসে গাজী ট্যাংকে সই করলেন গতবার ব্রাদার্সে খেলা জাতীয় দলের এই ওপেনার।
কলাবাগান ক্রিকেট একাডেমির দলবদল কার্যক্রমেরও আংশিক সম্পন্ন হলো একই জায়গায়। ভিক্টোরিয়ার এনামুল হক (বিজয়) নাম লিখিয়েছেন নতুন মালিকের হাতে আসা কলাবাগান ক্রিকেট একাডেমিতে। না, নতুন মালিক লুৎফর নন। এর আগে লুৎফর কলাবাগান ক্রিকেট একাডেমি কিনে নিয়েছেন শোনা গেলেও কাল জানা গেল ক্লাবটা কিনেছেন আসলে মনজুরুল করিম নামের এক তরুণ সংগঠক। লুৎফরের বেশ ঘনিষ্ঠ এই তরুণ আবার গাজী ট্যাংক ক্রিকেটার্সেরও ভাইস চেয়ারম্যান। আগামীবার কলাবাগান ক্রিকেট একাডেমিকে তিনি পরিচয় দিতে চান সুপার কিংস অব গাজীপুর নামে।
শেষ পর্যন্ত সেটা পারেন কি না, তা নিয়ে অবশ্য সংশয় জাগতেই পারে। গাজী ট্যাংক ক্রিকেটার্স যে মালিকানা বদলের দ্বিতীয় বছরে এসেও পাচ্ছে না নতুন মালিকের দেওয়া নাম! এর আগে ওল্ড ডিওএইচএস যেভাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নাম নিয়েছিল, সেভাবে এবার লুৎফরের দেওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ নামে পরিচিতি পাওয়ার কথা গাজী ট্যাংকের। অথচ বিসিবি এখনো সবকিছুতে দলটাকে গাজী ট্যাংকই বলে যাচ্ছে! লুৎফর ক্ষোভ জানালেন, ‘বাইলজে লেখা আছে, কেউ নাম বদল করতে চাইলে প্রথম বছর আগের নামে খেলতে হবে, পরের বছর অটোমেটিক নতুন নাম চালু হয়ে যাবে। আমি বারবার চিঠিও দিয়েছি এ জন্য। কিন্তু যেহেতু লুৎফর রহমান বাদলের টিম, তাই অটোমেটিক কিছু হয় না। এটা হাস্যকর।’
বিসিবির বিরুদ্ধে লুৎফরের ক্ষোভ আছে আরও। খেলোয়াড় কিনতে টাকা তাঁর কাছে কোনো সমস্যা না হলেও প্রতিবারই সামনে অদৃশ্য বাধার দেয়াল তৈরি হয়।গতবার ‘প্লেয়ার বাই চয়েস’ নামের কালো নিয়মের শিকলবন্দী হয়ে পারেননি মনের মতো দল গড়তে। এবারও তাঁর একই আক্ষেপ, ‘আমি মনমতো দল করতে পারিনি। কথাবার্তা চূড়ান্ত করেছিলাম, এমন কয়েক জন খেলোয়াড় এবার পুলে পড়ে গেছে।জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা খেলোয়াড়দেরও এবার পুলে রাখা হয়েছে; এটা আগে ছিল না।’ মনের মতো দল গড়তে না পারলেও গতবার অবশ্য লিগ শিরোপা জিতেছিল লুৎফরের গাজী ট্যাংকই।
কিন্তু লুৎফরের সঙ্গে কেন ‘শত্রুতা’ করবে ক্রিকেট বোর্ড? সেই ব্যাখ্যাও দিলেন লুৎফর, ‘সেই বিপিএলের সময় থেকে আমি ক্রিকেটের পক্ষে কথা বলছি।যত অনিয়ম হয়, আমিই একমাত্র এর বিরুদ্ধে সোচ্চার। অন্য ক্রিকেট সংগঠকদের মধ্যে এটা কম দেখি। গতবার প্লেয়ার বাই চয়েস করা হয়েছিল আমাকে ঠেকাতেই। তার পরও আমি আমার কথা বলে যাব।’
শিরোপার সঙ্গে লুৎফরের দলের একটা গাঁটছড়া আছে। গতবার গাজী ট্যাংকের হয়ে শিরোপা জেতার আগের মৌসুমে লিগ জিতেছিলেন ভিক্টোরিয়ার হয়ে।এবার নিতে চান ‘হ্যাটট্রিক’-এর স্বাদ। তবে মাঠের খেলার দায়িত্বটা তিনি পুরোপুরিই ছেড়ে দিয়েছেন খেলোয়াড়দের ওপর।পাশে বসে থাকা তামিমও দিলেন ভালো কিছুর প্রতিশ্রুতিই, ‘উনি (লুৎফর) ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ভালোভাবে দেখেন।সঙ্গে খেলোয়াড়দের স্বাধীনতাও দেন। আশা করব, এবারও ওই ব্যাপারটা থাকবে। খুব স্মার্ট টিম হয়েছে। আমরা সবাই একসঙ্গে পারফর্ম করতে পারলে ইনশা আল্লাহ এবারও ভালো ফল আসবে।’
গতবারের ব্যতিক্রম বাদ দিলে আগের কয়েক বছর তামিম আর সাকিব জুটি বেঁধেই খেলেছেন লুৎফরের দলে। তামিমের ভাষায় যেটা খুবই আনন্দদায়ী। ছয় মাসের জন্য বহিষ্কৃত সাকিবের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার দ্বার খুলে গেলে লুৎফরের ‘সুখী পরিবার’ একই আনন্দে ভরে উঠতে পারে এবারও। লুৎফর জানালেন, ‘সাকিবও আমার দলে খেলবে, এটা আমি ধরে রেখেছি। এটা আমার একটা প্রতিবাদ। যদি তাকে খেলতে দেওয়া না হয়, আমি পুলের একটা খেলোয়াড় কম নিয়েই খেলব।’
তামিম-সাকিবের জন্য লুৎফরের বাজেট এক কোটির ওপরে বলে গুঞ্জন বাতাসে। লুৎফর অঙ্কটা নির্দিষ্ট করে না বললেও জানিয়েছেন, শেখ জামাল থেকে প্রাইম দোলেশ্বরে যাওয়া জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের চেয়ে বেশিই পাবেন সাকিব-তামিম।
সঙ্গে এটাও জানালেন, তামিম-সাকিবের সঙ্গে তাঁর সম্পর্কটা কেবলই চুক্তির নয়, ‘আমার সাথে এক বছর তামিমের চুক্তি ছিল ৩০ লাখ টাকা। মৌসুম শেষে ও আমার কাছ থেকে গাড়িও নিয়েছে। তাহলে কত দাঁড়াল? আমি ওদের কন্ট্রাক্টের খেলোয়াড় মনেই করি না। ওরা আমার পরিবারের সদস্য। ওদের কাছ থেকে আমি ভাউচারে সইও নিই না। ওদের যা দরকার নেয়।’
পাশে বসে থাকা তামিম মিটিমিটি হাসছিলেন। লুৎফর শেষ করার পর আরেক প্রশ্নের উত্তরে যোগ করলেন, ‘এতে দায়িত্বটাও বেড়ে যায়। তবে আমরা আসলে টাকার অঙ্ক নিয়ে চিন্তাও করি না। আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের দায়িত্বই ভালো খেলা।’