লেকার-সতীর্থের বিদায়

...রইল বাকি এক।
দুই দিন ধরে অ্যালান ওকম্যানের মনে নির্ঘাত এই বাক্যটিই অনুরণিত হচ্ছে। ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডের যে টেস্টে অমরত্ব পেয়েছিলেন জিম লেকার, সে একাদশের মাত্র দুজন জীবিত ছিলেন। সংখ্যাটি এক হয়ে গেল, ১৭ ফেব্রুয়ারি ৮৫ বছর বয়সে চিরবিদায় বলে দিয়েছেন পিটার রিচার্ডসন।
কেন্টের এই ওপেনার শুধু লেকারের ১৯টি উইকেটের সাক্ষীই ছিলেন না। সে টেস্টে ইংল্যান্ডের একমাত্র ইনিংসে নিজের প্রথম সেঞ্চুরিটাও পেয়েছিলেন। তাঁর আগমনে মনে হয়েছিল অবশেষে কলিন কাউড্রে একজন যোগ্য ওপেনিং সঙ্গী পাচ্ছেন। প্রথম ১৬ টেস্টে ৫ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে সে ইঙ্গিতটাও দিয়েছিলেন। কিন্তু ১৯৫৮-৫৯ মৌসুমের অ্যাশেজ দিয়েই তাঁর পতনের শুরু। ক্যারিয়ারের দ্বিতীয় ভাগেও কোনো সেঞ্চুরি পাননি, ৩৪ টেস্টেই শেষ হয়েছে ক্যারিয়ার। তবে ব্যাটসম্যান রিচার্ডসনের তুলনায় আমুদে রিচার্ডসনই বেশি বিখ্যাত। যেকোনো সফরে দলের প্রাণ হয়ে থাকতেন। আর সুযোগ পেলেই বেনামে মিথ্যা সব ক্রিকেট রেকর্ড পাঠাতেন ডেইলি টেলিগ্রাফ-এ, যেন সেটা ছাপিয়ে বোকা বনে যান টেলিগ্রাফ-এর ক্রিকেট লেখক আর্নেস্ট সোয়ানটন! ক্রিকইনফো।