লেগ স্পিন কেন পড়তে পারছে না বাংলাদেশ?

রশিদ খান বাংলাদেশকে ভুগিয়েছিলেন প্রথম ম্যাচেই। আফগান লেগ স্পিনারের ঘূর্ণিতে বাংলাদেশ ভুগল আজও। পার্থক্য এতটুকুই, গত ম্যাচে কিছুটা কম, আজ বেশি! শুধু রশিদ নন, বাংলাদেশকে ভোগালেন আরেক আফগান লেগ স্পিনার রহমত শাহও।
প্রথম ম্যাচে রশিদকে পড়তে পারেননি সাব্বির রহমান। আজও বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ তাঁর বিপক্ষে। শুধু সাব্বির নন, মোসাদ্দেক বাদে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই রশিদকে খেলতে পারেননি স্বচ্ছন্দে। ১০ ওভারে ৩৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আরেক লেগ স্পিনার রহমত শাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
বাংলাদেশে লেগ স্পিনারের সংকট আছে। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিন না-খেলা এর একটা ব্যাখ্যা হতে পারে। কিন্তু পরিসংখ্যান তো বলছে অন্য কথা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা কিংবা নিউজিল্যান্ডের ইশ সোধি, তারও আগে গত বছর মে মাসে ঢাকা টেস্টে পাকিস্তানের ইয়াসির শাহ ভোগালেও ওয়ানডেতে গত দুই বছরে বাংলাদেশকে বড় কোনো পরীক্ষা নিতে পারেননি কোনো লেগ স্পিনারই।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে তেমন একটা খেলতে হয়নি লেগ স্পিন। গত বছর এপ্রিলে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও সেভাবে লেগ স্পিন খেলতে হয়নি। যদিও খণ্ডকালীন বোলার হিসেবে পাকিস্তানের দুই লেগ স্পিনার আজহার আলী ও সাদ নাসিম টুকটাক চেষ্টা করেছিলেন। কিন্তু সুবিধা করে উঠতে পারেননি। আজহার সিরিজে ৭ ওভারে বোলিং করে ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। নাসিমও ৬ ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য।
একই বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরও খুব একটা উজ্জ্বল ছিলেন না বাংলাদেশের বিপক্ষে। প্রোটিয়া লেগ স্পিনার ৩ ম্যাচে ২২.৫ ওভারে ১১৫ রান দিয়ে পেয়েছিলেন মাত্র ২ উইকেট। গড় ৫৭.৫০, ইকোনমি ৫.০৩। সেরা ৩৭ রানে ১ উইকেট।
গত নভেম্বরে জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের বিপক্ষেও স্বচ্ছন্দ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৩ ম্যাচে পেয়েছিলেন মাত্র ৪ উইকেট। তাঁর গড় ৩৪.৭৫, ইকোনমি ৪.৬৩।
কিন্তু আফগানিস্তান সিরিজে লেগ স্পিন খেলতে পারছেন না বাংলাদেশ? অবশ্য আফগানদের লেগ স্পিন আক্রমণ নিয়ে আলোচনা হচ্ছে সিরিজের আগ থেকেই। বাংলাদেশের ২০ জনের ওয়ানডে পুলে যেখানে একজনও নেই, সেখানে আফগানিস্তান দলে দুজন বিশেষজ্ঞ লেগ স্পিনার। এটি ভেবেই কি না সিরিজের আগ মুহূর্তে হঠাৎ বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গিয়েছিল বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে থাকা লেগ স্পিনার নূর হোসেন মুন্না এবং জাতীয় দলের বাইরে থাকা জুবায়ের হোসেনকে। কিন্তু তাতেও যে বাংলাদেশের ‘হোমওয়ার্ক’টা যে ভালো হয়নি, সেটি তো বোঝাই যাচ্ছে।
আফগানিস্তান কোচ লাল চাঁদ রাজপুত অবশ্য সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের তাঁর লেগ স্পিনাররা চমকে দিতে পারে। কোচকে সত্যি চমকে দিয়েছেন রশিদ। যদিও তাহির-জাম্পাদের মতো এখনো হইচই ফেলে দিতে পারেননি। তবে জোরের সঙ্গে লেগ স্পিন আর দুর্বোধ্য গুগলি দিয়ে নিজের আগমনী বার্তাটা ঠিকই দিয়েছেন।
রশিদের সাফল্য দেখে রাজপুতের মুখে নিশ্চয়ই চওড়া হাসি। এই হাসিটা বাংলাদেশের বুকে শুধু বিঁধছেই না, তা বড় চিন্তারও বিষয়। আফগান-পরীক্ষার পরই যে ইংল্যান্ড সিরিজ। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে আসছেন আরেক রশিদ, ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।