লেগ স্পিনার নিয়ে আফসোস নেই, র‍্যাঙ্কিং নিয়ে চিন্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেটে রিস্ট স্পিনারের শূন্যতা নিয়ে আফসোস নেই সাকিবের। ছবি: শামসুল হক
বাংলাদেশ ক্রিকেটে রিস্ট স্পিনারের শূন্যতা নিয়ে আফসোস নেই সাকিবের। ছবি: শামসুল হক

বাংলাদেশ দলে একজন লেগ স্পিনারের শূন্যতা, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ওঠা-নামা—দুটি প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে প্রায় একই উত্তর দিলেন সাকিব আল হাসান। দলে একজন লেগ স্পিনার নেই, সেটি নিয়ে যেমন তাঁর আফসোস নেই। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনি শীর্ষে নেই, সেটি নিয়েও ভাবনা নেই।

নেই আফসোস—
রশিদ খান, কায়েস আহমেদ, জহির খান—আফগানিস্তান দলে রিস্ট স্পিনারের ছড়াছড়ি। অথচ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে তিন দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছে, এখনো একজন দুর্দান্ত রিস্ট স্পিনারের শূন্যতা পূরণ করতে পারেনি।

এই চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষ যখন দারুণ সব লেগ স্পিন নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের, তখন সাকিবের বুক চিরে কি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে, আমাদেরও যদি একজন ভালো মানের লেগ স্পিনার থাকত! বাংলাদেশ টেস্ট অধিনায়কের উপলব্ধি অবশ্য অমন নয়, ‘যদি ওরকম কোয়ালিটি লেগ স্পিনার থাকে, তাহলে প্রয়োজনীয়তা অনুভব করা যায়। যদি না থাকে, তাহলে অনুভব করে লাভ কী! আমাদের যারা বোলার আছে, তাদের সামর্থ্য আছে ২০ উইকেট নেওয়ার। ওদের ওপর আমাদের পুরো দলের সবার আস্থা আছে যে অন্তত দেশের মাঠে ২০ উইকেট নিতে পারবে।’

নেই চিন্তা—
র‍্যাঙ্কিং বিষয়টাই হচ্ছে রোলার কোস্টারের মতো। কখনো ওঠা, কখনো নামা—১৩ বছরের ক্যারিয়ারে এটাই দেখে আসছেন সাকিব। এই তিনি এক নম্বর অলরাউন্ডার হচ্ছেন তো কয়েক মাস পর নতুন কেউ তাঁর জায়গা নিচ্ছেন। আবারও তিনি উদ্ধার করছেন হারানো সিংহাসন। এখন যেমন টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান তিনে। একে আছেন বেন স্টোকস, দুইয়ে জেসন হোল্ডার। র‍্যাঙ্কিং সাকিবকে কখনোই ভাবায়নি। এখনো ভাবাচ্ছে না, ‘আমার কাছে একটা বিষয়ই কাজ করে যে দলের জয়ে কতটা অবদান রাখতে পারছি। সেটি যদি বেশি রাখতে পারি, স্বাভাবিকভাবেই এমনি র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেব। এ কারণেই আমার র‍্যাঙ্কিং নিয়ে চিন্তা করতে হয় না। আমার চেষ্টা থাকে দলের প্রয়োজনে ভালো কিছু করা। সেটা কম হোক বা বেশি, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’
ব্যক্তিগত র‍্যাঙ্কিং থেকে দৃষ্টিটা যদি দলীয় র‍্যাঙ্কিংয়ে দেওয়া হয় এখানে আবার খুশি হওয়ার কথা সাকিবের। বাংলাদেশ আছে নয়ে, আফগানিস্তান দশে। দলীয় র‍্যাঙ্কিং খেলায় খুব একটা প্রভাব ফেলবে সেটিও মনে করেন না সাকিব, ‘র‍্যাঙ্কিং খুব বেশি প্রভাব ফেলে বলে আমার মনে হয় না। ওরা আসলে এত দিন ধরে সংক্ষিপ্ত সংস্করণে খেলছে এবং এত ভালো ক্রিকেট খেলছে। হয়তো সংস্করণ ভিন্ন বলে আমরা ভিন্নভাবে চিন্তা করছি। কিন্তু ওদের দলে অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ জেতাতে সক্ষম।’