
আগের দিন নামের পাশে ছিল ২ উইকেট। কাল দিনের শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লেজটা মুড়ে দেন ইয়াসির শাহ। আরেকবার ইনিংসে ৫ উইকেট। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের রেকর্ড ছুঁলেন এই লেগ স্পিনার। কিন্তু দিনের মধ্যভাগে এসে সে কথা কি আর কারও মনে আছে? সব আলো যে কেড়ে নিলেন আরেক লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। একাই ৮ উইকেট নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ করে দিয়েছেন ১২৩ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪৬ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯২ রান করেছে ওয়েস্ট ইিন্ডজ।
তবু পাকিস্তান খুব একটা অস্বস্তিতে আছে সেটা বলা যাচ্ছে না। দিনের প্রথম ঘণ্টা শেষ হতেই ৩৫৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ২২২ রানে এগিয়ে থেকেও প্রতিপক্ষকে ফলোঅন করাননি পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। সিদ্ধান্তটা ভুল, না ঠিক সেটা আজই বলা যাবে, তবে পাকিস্তানের ইনিংসের এ চিত্র মিসবাহ মনে হয় না কল্পনাও করতে পেরেছিলেন।
সবকিছুর শুরু আজহার আলীর আউটটা দিয়ে। প্রথম ইনিংসে ৩০২ রান করে অপরাজিত ছিলেন আজহার। দেড় দিনেরও বেশি সময় উইকেটে ছিলেন, কিন্তু একবারও মনে হয়নি তিনি আউট হতে পারেন। আর দ্বিতীয় ইনিংসে ২ রান করেই ‘আউট’ হলেন দুবার! শ্যানন গ্যাব্রিয়েলের বলে ক্যাচ আউট হওয়ার পর রিভিউ নিয়ে বেঁচে গেলেও পরের বলেই এলবিডব্লু!
এরপর দৃশ্যপটে বিশু। ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং আর ঘূর্ণিজাদুতে পাকিস্তানের ব্যাটিংয়ের কঙ্কাল বের করে আনেন বিশু। পরশুই মিসবাহ ও ওয়াহাব রিয়াজরা অভিযোগ তুলছিলেন, গোলাপি বল নাকি দ্রুত নরম হয়ে যাচ্ছে। বল থেকে স্বাভাবিক সাহায্য পাওয়া যাচ্ছে না। কিন্তু কাল বিশুর বলে উল্টো মনে করাচ্ছিল, গোলাপি বল বোধ হয় সব উজাড় করে দিচ্ছে। বিশেষ করে অফ স্টাম্পের ফুট খানেক বাইরে পড়া এক বলে যেভাবে বোল্ড হয়েছেন মোহাম্মদ নওয়াজ, সেটা ছিল অবিশ্বাস্য। তবু চতুর্থ ইনিংসে ক্যারিবীয়দের ৩৪৬ রানের লক্ষ্য দেওয়াটা পাকিস্তানকেই এগিয়ে রাখছে দুবাই টেস্টে। সূত্র: টেন থ্রি।
টেস্টে দ্রুততম ১০০ উইকেট
ম্যাচ বোলার দল
১৬ জর্জ লোহম্যান ইংল্যান্ড
১৭ চার্লি টার্নার অস্ট্রেলিয়া
১৭ সিডনি বার্নস ইংল্যান্ড
১৭ ক্ল্যারি গ্রিমেট অস্ট্রেলিয়া
১৭ ইয়াসির শাহ পাকিস্তান