লেগ স্পিনারের জন্য বাংলাদেশের হাহাকার ঘোচাতে পারবেন জুবায়ের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হোসেন। ফাইল ছবি
জুবায়ের হোসেন। ফাইল ছবি
>

• ক্রিকেট বিশ্বে লেগ স্পিনারদের জয়জয়কার চলছে
• টি-টোয়েন্টির সেরা পাঁচে সবাই লেগ স্পিনার
• বাংলাদেশে একজন বিশেষজ্ঞ লেগ স্পিনারই খুঁজে পাওয়া কঠিন

বিশ্ব ক্রিকেটে চলছে লিগ স্পিনারদের দাপট। চলতি আইপিএলেই সব দল যেভাবে কাড়াকাড়ি করে লেগিদের দলে নিয়েছে, তাতেই বোঝা আয়, কতটা মূল্যবান কবজি ঘোরানো স্পিনাররা। শুধু লেগ স্পিন পারেন বলেই নেপালের লামিচানেও সুযোগ পেয়েছেন আইপিএলে। ব্যতিক্রম শুধু বাংলাদেশই, এখানে একজন বিশেষজ্ঞ লেগ স্পিনারের জন্যই হাহাকার। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তো কোনো লেগ স্পিনারই নেই।

জুবায়ের হোসেন, তানভির হায়দারদের নিয়ে স্বপ্ন দেখেছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তা হাওয়ায় মিলিয়ে যেতে সময় লাগেনি। খুব অল্প বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন জুবায়ের। কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেননি। এমনকি প্রিমিয়ার লিগেও মাঠে নামার সুযোগ হচ্ছে না তাঁর, নেই বিপিএলেও। তবু আশা ছাড়ছেন না জুবায়ের। মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তিনি। লক্ষ্য একটাই, ফিরে পেতে হতে হবে নিজেকে।

তাঁকে প্রতিনিয়তই শুনতে হচ্ছে, বিশ্বে লেগ স্পিনারের দাপট দেখে নিজের কষ্ট হয় না? জুবায়েরের জবাব, ‘সব জায়গায় লেগ স্পিনার আছে, ভালোও করছে। আমারও আক্ষেপ লাগে, আমিও তো কিছু দিতে পারতাম। তবে সময় আসলে শেষ হয়ে যায়নি। যদি চেষ্টা করি, আমি অবশ্যই পারব। যদি সুযোগ আসে, চেষ্টা করব দলের জন্য, দেশের জন্য ভালো কিছু করার।’

বর্তমানে বিশ্ব ক্রিকেট শাসন করছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিনি ছাড়াও টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচের সবাই লেগ স্পিনার। এ নিয়ে জুবায়েরের আফসোস আছে, তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই লেগ স্পিনার, ‘আমার মধ্যে যদি প্রতিভা না থাকত, তাহলে এত দ্রুত জাতীয় দলে খেলার সুযোগ হতো না। যাঁরা আছেন—কোচ, নির্বাচক—সবাই বুঝে শুনেই কিন্তু আমাকে নিয়েছিলেন। প্রতিভা ছিল, তবু হয়তোবা আমার ঘাটতি ছিল। হয়তো পরিশ্রম কম করতাম, তখন পরিণত ছিলাম না। অনেকে বলার পরেও করতাম না অনেক কিছু। এখন বুঝতে পারছি আমার ভুলগুলো কী ছিল। দল থেকে বাদ পড়ার পর বুঝেছি, খারাপ সময় না এলে আসলে মানুষ ভালোটা বুঝে না। খারাপ সময় এসেছে, ভুলগুলো বুঝেছি। আমার সুযোগ এলে চেষ্টা করব ভুলগুলো না করতে।’