লেগস্পিনার সংকটে সুখবর শোনাল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর একাডেমি মাঠে কাল অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনের ফাঁকে আড্ডার মেজাজে দুই লেগ স্পিনার (বাঁ থেকে) নাঈম হোসেন ও রিশাদ হোসেন।  ছবি: শামসুল হক
মিরপুর একাডেমি মাঠে কাল অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনের ফাঁকে আড্ডার মেজাজে দুই লেগ স্পিনার (বাঁ থেকে) নাঈম হোসেন ও রিশাদ হোসেন। ছবি: শামসুল হক
>যুব এশিয়া কাপের আগে কোচ নাভিদ নওয়াজের ক্যাম্পে নজর কেড়েছেন দুই লেগ স্পিনার রিশাদ হোসেন ও নাঈম হোসেন

দিনের হিসাবে ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। কিন্তু নাভিদ নওয়াজের ক্যাম্পে তখন কেবল ‘ভোর’। আড়মোড়া ভেঙে জড়তা কাটিয়ে অনুশীলনে নেমে পড়ার তোড়জোড়ে ব্যস্ত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তাঁদেরই একজনের দিকে চোখ চলে যাচ্ছিল বারবার। কারণটা কৈশোরের সারল্যমাখা মুখটায় কখনো না-থামা হাসি। চোখ তো টানার কথাই।

জানা গেল, তিনি এই ক্যাম্পের দুই ‘বিশেষ’ রত্নের একজন-নাঈম হোসেন। বিশেষ এই অর্থে যে, মৌলভীবাজারের এই নাঈম আর নীলফামারীর ছেলে রিশাদ হোসেন হলেন লেগ স্পিনার। বাংলাদেশই শুধু নয়, বিশ্বজুড়েই ক্রিকেট-কলার অন্যতম বিরল কৌশল হলো লেগ স্পিন। স্পিনার হান্টের দ্বিতীয় ও তৃতীয় সেরা দুই স্পিনারকে নিয়ে যুব ক্যাম্পের স্বপ্নের সীমানাটা অনেক বড়।

নাঈমের উঠে আসার গল্পটা খুব বিস্ময়কর। ওই স্পিনার হান্টের দুই দিন আগ পর্যন্তও নাকি ক্রিকেট বল হাতে নেননি এই তরুণ। টেপ টেনিসে নানা জায়গায় খেলে বেড়াতেন। এবার আপনার দ্বিতীয়বার বিস্মিত হওয়ার পালা। টেপ টেনিসে খেলার দিনগুলোতে ছিলেন পুরোদস্তুর পেস বোলার। আবার একই সঙ্গে ব্যাটিংয়ে নামতেন ইনিংসের উদ্বোধন করতে। তিনিই কিনা হয়ে গেলেন স্পিনার হান্টের তৃতীয় সেরা! কাল মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে বললেন তাঁর এই বিবর্তনের কাহিনি, ‘স্পিনার হান্টে প্রথমে অফ স্পিন করতে গিয়ে দেখি, টার্ন পাই না। গেলাম লেগ স্পিনে, এমন টার্ন হলো যে দেখে আমি নিজেই অবাক। কোচরা দেখে বলছিলেন, আমি নাকি ন্যাচারাল ট্যালেন্ট (প্রকৃতিপ্রদত্ত প্রতিভা)। আমি যে এত দূর এসেছি, সেটি মনে হয় আল্লাহই নিয়ে এসেছেন।’

তাহলে এটুকুতেই সন্তুষ্ট? তা হওয়ার প্রশ্নই ওঠে না, বরং নাঈম দেখছেন অনেক বড় স্বপ্ন, ‘যা পেয়েছি, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে যত পরিশ্রম করতে হয়, আমি করব। জাতীয় দলে খেলার স্বপ্ন তো সবারই থাকে, তবে আমি একদিন বিশ্বের সেরা লেগ স্পিনার হওয়ার স্বপ্ন দেখি।’
নাঈমের এই বিশ্বসেরা হওয়ার ‘ভূত’ মাথায় চেপেছে আফগান লেগ স্পিনার রশিদ খানকে দেখে। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর রশিদ খান, এই বিচারে তো বিশ্বসেরাই। রশিদকে আদর্শ মেনে তাঁকেই ছাপিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর নাঈম।

ক্যাম্পে নাঈমের জুড়ি বা প্রতিদ্বন্দ্বী দুটোই বলা যায় নীলফামারীর ছেলে রিশাদ হোসেনকে। নাঈম যদি প্রকৃতিপ্রদত্ত ক্ষমতায় বলীয়ান হন, রিশাদ তবে কঠোর পরিশ্রমে নিজেকে সাজিয়ে তোলা যোদ্ধা। যেটির প্রশংসা পেয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার ও বাংলাদেশের লেগ স্পিনশিল্পের আদি শিল্পী ওয়াহিদুল গণির কাছ থেকেও। পরিশ্রমের প্রমাণ মেলে তাঁর নিত্যদিনের সূচি থেকেও, ‘আমাদের নীলফামারীতে অনুশীলন শুরু হয় সাধারণত বেলা তিনটা-সাড়ে তিনটায়। আমি চলে যাই বেলা ১১ টা-১২টার মধ্যে। কেউ না থাকলেও নেটে একা একা বল করে যাই। বাসায় বসে থাকলেও হাত ঘুরাই।’

বোঝা গেল, বোলিংই রিশাদের ধ্যানজ্ঞান। নিউজিল্যান্ডের ইশ সোধিকে আদর্শ মানেন। তবে নাঈমের মতো আদর্শকে ছাড়িয়ে যাওয়ার কোনো প্রতিজ্ঞার কথা ঘোষণা করছেন না। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট মাতানোর স্বপ্নটাই শুধু এঁকে যাচ্ছেন চোখে।
লেগ স্পিন বোলিংয়ে রোমাঞ্চ আছে, আবার লেগ স্পিনারদের সামনে থাকে দীর্ঘ বন্ধুর পথও। লেগ স্পিন যদি শিল্প হয়, অন্য যেকোনো শিল্পের মতোই সেটি দাবি করে সাধনা, যত্ন আর পরিচর্যাও।

অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ মাহবুব আলীও মনে করিয়ে দিলেন সেটাই, ‘এরাই তো আমাদের ভবিষ্যৎ। খুবই যত্নের সঙ্গে পরিচর্যা করতে হবে এদের। লেগ স্পিনার আমরা এমনিতেই খুব বেশি খুঁজে পাই না। এবার এই দুজনকে পেলাম, দুজনই দারুণ প্রতিভাবান। আমাদের কাজ হলো, এদের বিকশিত করে তোলা। সেটার জন্য ওদের যত বেশি সম্ভব খেলার সুযোগ করে দিতে হবে আমাদের।’

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের চূড়ান্ত দলে দুই লেগ স্পিনারই যে থাকছেন, এমন একটা আভাসও দিয়ে দিলেন মাহবুব। সেখানে নিজেদের আলাদা করে চেনাতে পারলে নাঈম ও রিশাদের জন্য খুলে যাবে আরও অনেক নতুন দুয়ার।