লেজ দিয়েই পাকিস্তানকে 'ছোবল' নিউজিল্যান্ডের

মার্টিন গাপটিল, টম লাথাম আর কেন উইলিয়ামসন-নিউজিল্যান্ডের এই তিন টপ অর্ডার ব্যাটসম্যানের সম্মিলিত সংগ্রহ ২৫। ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নের ফাইনালের পর এই প্রথম কিউই টপ অর্ডারকে এতটা ভঙ্গুর মনে হলো। রান পাননি গ্রান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসনের মতো পরীক্ষিতরাও।
স্কোরবোর্ডে ১০০ জমা হওয়ার আগেই নেই ৬ উইকেট! নিউজিল্যান্ডের এমন বিপর্যয়ের পর স্কোর কত হতে পারে? খেলার খোঁজটা না নিয়ে থাকলে উত্তর চমকে দেবে। ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ২৮০ করেছে নিউজিল্যান্ড! ফণা দিয়ে নয়, টেল এন্ডারদের লেজ দিয়েই পাকিস্তানকে ছোবল দিল নিউজিল্যান্ড! পাকিস্তানকে ২১০ রানে অলআউট করে দিয়ে ম্যাচটিও জিতে নিল ৭০ রানে।
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েও হারিয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ১৬৮ তুলে ফেলেও পাকিস্তান দুই রানের মধ্যে ২ উইকেট হারিয়ে হয়ে গেল ৬ উইকেটে ১৭০। সরফরাজ-আনোয়ারের ৩৫ বলে ৩৫ রানের জুটি সেই ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নিজের টানা দুই ওভারে ট্রেন্ট বোল্ট বজ্রবিদ্যুতের আঘাত হানলেন যেন। ওই দুই ওভারেই ৪ উইকেট হারিয়ে ৪৬ ওভারে অলআউট হয়ে গেল পাকিস্তান।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ৮, ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি আর মিচেল ম্যাকক্লেনাহানের তিনটি কার্যকর ইনিংস বাঁচিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথম দুজন করেছেন ৪৮, তৃতীয়জন আহত হয়ে মাঠ ছাড়ার আগে মাত্র ১৮ বলে করেছেন ৩১। প্রথম ছয় উইকেটে ৯৯ রান তোলা নিউজিল্যান্ড পরের তিন জুটিতে যোগ করেছে ১৮১!
নিউজিল্যান্ডের সাফল্যের চেয়ে পাকিস্তানের ব্যর্থতা চোখে পড়ছে বেশি। দুই উদ্বোধনী বোলার মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ আমির যে শুরুটা এনে দিয়েছিলেন, সেটির ওপর ভিত্তি করে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখতে পারেনি পাকিস্তান। সপ্তম ও অষ্টম উইকেটে ৭৯ ও ৭৭ রান তুলে স্যান্টনার, হেনরি আর ম্যাকক্লেনাহান মাতিয়ে দেন বেসিন রিজার্ভের দর্শকদের।
টপ অর্ডারের সবাই ব্যর্থ হলেও চারে নেমে এক প্রান্ত আগলে রেখে হেনরি নিকোলাসের খেলা ৮২ রানের ইনিংসটিকে বাহবা দিতেই হবে। তাঁর ইনিংসটিই যে শেষ দিকে হাত খুলে খেলার সুযোগ করে দিয়েছে স্যান্টনারদের।
শেষের এই তিন ব্যাটসম্যান ঢুকে গেছেন ক্রিকেটের দারুণ একটা রেকর্ডেও। ইতিহাসে এই প্রথম মতো কোনো ওয়ানডে ম্যাচে ৮, ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যানের সবাই ৩০ বা ততোধিক রানের ইনিংস খেললেন।
২৮০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি হয়েছিল পাকিস্তানের। দলীয় ৩৩ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক আজহার আলী (১৯) এরপর ১৩ রানে অপর ওপেনার আহমেদ শেহজাদ ফিরলে কিছুটা বিপর্যয়ের মধ্যেই পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ হাফিজ আর বাবর আজম পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। হাফিজ ৪২ ও বাবার ৬২ রান করে আউট হলে বিপদে পড়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসটা যেন নিউজিল্যান্ডের ঠিক উল্টো। প্রথম ছয় ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁয়েছে, কিন্তু কেউই টেনে নিয়ে যেতে পারেনি। অন্য দিকে শেষ পাঁচজনের মাত্র একজন করতে পেরেছেন ১৬, বাকি চারজন মিলে ৬!
দুজন শূন্য রানে আউট হয়েছেন। এর মধ্যে আছেন মোহাম্মদ আমিরও। ৫ বছর সাত মাস পরে ওয়ানডেতে ফিরেই ‘ডাক’। তবে তাঁর আসল যে কাজ, সেখানে ছিলেন দুর্দান্ত। কিন্তু ২৮ রানে ৩ উইকেট নিয়েও ওয়ানডে ক্রিকেটে ফেরাটা আমির আর উদযাপন করতে পারলেন কই!