ওয়ানডে ক্যারিয়ারের বিদায়ী উপহারটা কি আজই পেয়ে যাবেন ব্রেন্ডন ম্যাককালাম? নাকি তাকিয়ে থাকতে হবে হ্যামিল্টনে শেষ ম্যাচের দিকে? জবাব পাওয়া যাবে আজ ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচেই।
অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আজ জিতলেই কিউইদের চ্যাপেল-হ্যাডলি ট্রফি ধরে রাখা নিশ্চিত হয়ে যাবে। ওয়ানডে ক্যারিয়ারের শেষ সিরিজে এর চেয়ে ভালো উপহার আর কী পেতে পারেন বিদায়ী অধিনায়ক ম্যাককালাম!
ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার বড় অনুপ্রেরণা অসুস্থতা থেকে কোচ ড্যারেন লেম্যানের ফেরা। শোনা যাচ্ছে, সুস্থ হয়ে ফিরেই লেম্যান দলের সবাইকে নিয়ে বৈঠকে বসেছিলেন। মাত্র কয়েক দিন আগেই যারা ভারতকে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে, সেই দলটা অকল্যান্ডে কেন লজ্জাজনকভাবে ১৫৯ রানে হারল, সেই কাটাছেঁড়া হয়েছে ওই বৈঠকে। আর ওই বৈঠকের ফলই হচ্ছে, দ্বিতীয় ওয়ানডেতে ফর্মে থাকা ব্যাটসম্যান উসমান খাজার সম্ভাব্য প্রত্যাবর্তন। গত বছর নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে টানা তিনটি সেঞ্চুরি করা খাজাকে জায়গা দিতে আজ সরে যেতে হতে পারে শন মার্শকে। খাজাও দলে ডাক পেয়েই আত্মবিশ্বাসটা বাকি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন, ‘অকল্যান্ডে আমরা শুধু একটা বাজে দিন কাটিয়েছি, এর বেশি কিছু নয়। এ নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই।’
খাজার জায়গা পাওয়া ছাড়া অস্ট্রেলিয়া দলে পরিবর্তন হতে পারে আরেকটি। চোটের কারণে ছিটকে পড়া অলরাউন্ডার জেমস ফকনারের জায়গায় আজ অভিষেক হতে পারে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার।
নিউজিল্যান্ডের অবশ্য কোনো পরিবর্তনের দরকারই নেই। অকল্যান্ডে প্রথম ওয়ানডেতে খেলা সবাই পুরো ফিট। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি আর অ্যাডাম মিলনেকে নিয়ে গড়া পেস আক্রমণ দুর্দান্ত ফর্মে। কন্ডিশনের কারণে বাড়তি স্পিনার দরকার হলে দলের সঙ্গে ইশ সোধি তো আছেনই। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের সাম্প্রতিক পরিসংখ্যানও দুর্দান্ত। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সর্বশেষ ১৪ ওয়ানডের ১১টিতেই জিতেছে কিউইরা, হেরেছে মাত্র দুটিতে, ফল দেখেনি একটি ম্যাচ। কিউইদের জন্য মানসিক বাধা হতে পারে একটাই—২০০৭ সালের পর অস্ট্রেলিয়াকে কখনো দ্বিপক্ষীয় সিরিজে হারাতে পারেনি নিউজিল্যান্ড।
সেই বাধা উড়িয়ে দিতে পারলে কিউইদের সিরিজ জয়ের উৎসব হয়ে যেতে পারে ওয়েলিংটনেই। ক্রিকইনফো।