লেম্যানের জন্য হতাশার
বাংলাদেশ সফরটা না হলে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান হতাশ হবেন, তবে তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তার দিকটিই।
ফাইভএএ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লেম্যান বলেছেন, ‘সত্যি বললে এখন ব্যাপারটা অনেক কঠিন হয়ে গেছে। এখন বোর্ড ও নিরাপত্তা বিভাগ কী বলে সেটার জন্য অপেক্ষা করতে হবে। খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার জন্য আমাদের সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে।’ তবে এখনই সফরের সম্ভাবনা বাতিল করে দিচ্ছেন না লেম্যান, ‘এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। নিরাপত্তা দল বাংলাদেশ থেকে আজ (কাল) ফিরেছে। বোর্ডের সঙ্গে তো তারা কথা বলছেই। আশা করি, ২৪ ঘণ্টার মধ্যে আমরা কিছু একটা জানতে পারব।’
২০০৬ সালে দুই টেস্টের সিরিজের পর ২০১১ সালেও বাংলাদেশে তিন ওয়ানডের সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ এসেছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। লেম্যান বলেছেন, এবারের সফরটি না হলে অস্ট্রেলিয়ার তরুণ দলটির জন্য সেটি হবে বেশ হতাশার, ‘আমাদের তরুণ দলটি খুবই রোমাঞ্চিত। ওখানে খেলতে পারলে দারুণ হবে, কিন্তু না পারলে প্ল্যান ‘বি’-এর দিকে যেতে হবে।’ কিন্তু প্ল্যান ‘বি’ কী, লেম্যান সেটি পরিষ্কার করে বলেননি, ‘প্ল্যান ‘বি’ কী সেটা এই মুহূর্তে বলতে পারছি না। খেলোয়াড়েরা এখন রাজ্য দলের সঙ্গে আছে। ওখানেই তারা অনুশীলন করছে। আমরা ওখান থেকে একটা সিদ্ধান্ত নেব।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।