লোধার অনেক সুপারিশই ভারতীয় ক্রিকেটের সঙ্গে যায় না?

বিচারপতি লোধার নেতৃত্বাধীন কমিশন ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারে যে সুপারিশগুলো করেছে, তা ভারতীয় ক্রিকেটের মঙ্গল বয়ে আনবে না বলেই অভিমত সুনীল গাভাস্কারের। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি মনে করেন, লোধা কমিশনের কিছু সুপারিশ রীতিমতো বাড়াবাড়ির পর্যায়েই চলে গেছে।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবেরও আপত্তি আছে লোধা কমিশনের সুপারিশ নিয়ে। মুম্বাইয়ের মতো ক্রিকেট কেন্দ্রের তিন বছর পরপর ভোট দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না। কপিল মনে করেন,৬০-৭০ বছর ধরে যারা ভারতীয় ক্রিকেটকে এত দূর এগিয়ে দিয়েছে, তাদের মূল্যায়নটা কমিশনের সুপারিশে অনুপস্থিতই রয়ে গেছে।
গাভাস্কার মনে করেন, লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী ‘এক রাজ্য এক ভোট’ ব্যাপারটি মেনে নেওয়ার মতো নয়, ‘কমিশনের তিন ভদ্রলোকের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি এক রাজ্য এক ভোট ব্যাপারটি বোর্ডের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি চাপ হয়েই দাঁড়াবে। ইংল্যান্ডে কিন্তু সব কাউন্টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে না। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডেও সব রাজ্যকে দেখা যায় না। ভারতে সব রাজ্য যদি রঞ্জি ট্রফিতে খেলে, তাহলে এই ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির মান নিচে নেমে যাবে। তাই সব রাজ্যকে রঞ্জি খেলার ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।’
কপিল দেবের বক্তব্য হচ্ছে, ‘হায়ার অ্যান্ড ফায়ার পদ্ধতি সব জায়গায় চলে না। মুম্বাইয়ের মতো ক্রিকেট সংস্থা কেন তিন বছর পরপর ভোট দেবে? ভারতীয় ক্রিকেটে কি তাদের কোনো অবদান নেই?’
কপিল দেব জাতীয় নির্বাচকদের কাজের মেয়াদ পাঁচ বছরে উন্নীত করারও দাবি জানিয়েছেন, ‘মেয়াদ পাঁচ বছর না হলে কোনো কাজই ঠিকমতো করা সম্ভব হয় না।’
ক্রিকেটে ‘সিনিয়র খেলোয়াড়’ তত্ত্বের উদাহরণ টেনে গাভাস্কার বলেন, ‘প্রতিটি দলেই কিন্তু ৩-৪ জন সিনিয়র ক্রিকেটার থাকে। অভিজ্ঞতা বলে একটা ব্যাপার আছে বলেই এমনটি করা হয়। এদের পাশাপাশি ২-১ জন জুনিয়র নেওয়া হয়। যেকোনো বোর্ডেরই শীর্ষ পর্যায়ে রদবদল হতে পারে, কিন্তু কাজ চালানোর লোক তো থাকতে হবে। আমার মনে হয়, লোধা কমিশনের অনেক সুপারিশই ভারতীয় ক্রিকেটের মঙ্গল বলে আনবে না।’
গত জুলাইয়ে লোধা কমিশন ভারতীয় ক্রিকেটের সংস্কারের জন্য কিছু সুপারিশ পেশ করে। এই সুপারিশমালা মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বোর্ড সদস্য হওয়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এ ছাড়া সত্তরোর্ধ্ব ব্যক্তির বোর্ডের সদস্য হওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রশাসনে এক ব্যক্তির এক পদ, খেলোয়াড়দের সংগঠন ও প্রধান নিরীক্ষকের মনোনীত প্রতিনিধির বোর্ডে থাকা বাধ্যতামূলক করা হয়।
এ ছাড়া মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্য, যাদের একাধিক ক্রিকেট সংস্থা আছে, তাদের পর্যায়ক্রমে ভোটাধিকারের কথা বলা হয়। এতে করে মহারাষ্ট্রের অন্যতম শহর মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ক্রিকেট সংস্থা তিন বছর পর একবার করে ভোট দেওয়ার অধিকার পাবে। আগে যেটি প্রতিবারই পেত মুম্বাই।