ল্যাঙ্গারের পক্ষে কথা বলতে হলো অস্ট্রেলিয়ার বোর্ডকেও
কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়া ক্রিকেটে নতুন দিনের গান শুনিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। এনেছিলেন ‘এলিট অনেস্টি’র মতো নতুন কথা। ল্যাঙ্গারের শুরুর দিনগুলো নিয়ে হয়েছে তথ্যচিত্রও। দ্য টেস্ট নামের সেই তথ্যচিত্র বলতে গেলে বানানো হয়েছিল তাঁকে ঘিরেই। সেই ল্যাঙ্গারই সাম্প্রতিক সময়ে তোপের মুখে।
ড্রেসিংরুমে ল্যাঙ্গারের ভিন্ন রূপ, তাঁর খেলোয়াড়দের সঙ্গে আচরণ এসেছে আলোচনায়। বাংলাদেশ সফরে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের এক কর্মীর সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এর সঙ্গে আছে মাঠের ব্যর্থতাও।
ল্যাঙ্গারকে নিয়ে ভজকটের সময় সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট তো বলেই দিয়েছেন, তাঁকে সরিয়ে দেওয়া হলে সেটির উপযুক্ত সময় এখনোই। না হলে সামনে অপেক্ষা করছে আরও বিশৃঙ্খল অবস্থা। সময়টা যে ল্যাঙ্গারের জন্য খুব সহজ যাচ্ছে না, সেটি আলাদা করে না বললেও চলে। অস্ট্রেলিয়ার প্রধান কোচের পক্ষে এবার কথা বলতে হলো দেশটির ক্রিকেট বোর্ডকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি বলছেন, জাতীয় দলের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে এনেছেন ল্যাঙ্গারই।
২০১৮ সালে কেপটাউন কেলেঙ্কারির পর ড্যারেন লেম্যান সরে গিয়েছিলেন। এরপরই দায়িত্ব নিয়েছিলেন ল্যাঙ্গার। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বল-টেম্পারিং–কাণ্ডে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল তখন ছিল দারুণ চাপে।
হকলি মনে করিয়ে দিয়েছেন সে সময়ের কথাই, ‘২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ার ছেলেদের দলের সংস্কৃতি, মূল্যবোধ ও আচরণের উন্নতিতে জাস্টিন দারুণ কাজ করেছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে এনেছে। এখনকার দলটা নিয়ে প্রত্যেক অস্ট্রেলিয়ানই গর্ব করতে পারেন।’
ল্যাঙ্গারের অধীনে এখন পর্যন্ত ২২ টেস্টের ১১টি জিতেছে অস্ট্রেলিয়া, হেরেছে ৭টি। ৪৭ ওয়ানডেতে ২৫টি জয়ের বিপরীতে আছে ২২টি পরাজয়। এ সময়ে অস্ট্রেলিয়া ৪১টি টি-টোয়েন্টি খেলে জিতেছে ১৮টি, হেরেছে ২১টি। গত বছরও টেস্ট ও টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ছিল অস্ট্রেলিয়া।
তবে অস্ট্রেলিয়া হেরেছে সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজই। আছে দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারও। এমনিতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত চুক্তি আছে ল্যাঙ্গারের। এ সময়ে তাঁর জন্য অপেক্ষা করছে বড় দুটি চ্যালেঞ্জ—টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ।
আপাতত ল্যাঙ্গারের নজর সেদিকেই বলে জানিয়েছিলেন হকলি, ‘সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দেশের মাটিতে অ্যাশেজ শেষ করার দিকেই নজর আমাদের। অ্যাশেজ ধরে রাখার এ মিশন অনেক দিন ধরেই এক কাঙ্ক্ষিত সিরিজ আমাদের দেশে।’
আরও অনেকের মতো করোনাভাইরাস মহামারির সময়টাও ল্যাঙ্গারের জন্য সহজ ছিল না বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী, ‘মহামারির ১৮ মাসে এ দলটা আরও অনেকের মতো কঠিন এক পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। সেসব কঠিন পরিস্থিতির মধ্যেও সবাই (প্রথম সারির সব ক্রিকেটার) যখন খেলেছে, এ দলটা ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে সাফল্য পেয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সামনের গ্রীষ্মে সাফল্য পেতে জাস্টিন ও কোচিং স্টাফের সদস্য এবং দলের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।’
এদিকে সাম্প্রতিক সময়ে ল্যাঙ্গারের সঙ্গে ঝামেলার ব্যাপারে সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘খেলার ফল নিজেদের পক্ষে না গেলে যেকোনো দলে এমন হতেই পারে।’