
নিজেদের ইতিহাসের ৫০০তম টেস্ট। কিন্তু পরশু কানপুর টেস্টের প্রথম দিন শেষে ঠিক স্বস্তিতে ছিল না ভারত। শুরুটা ভালো হলেও নিউজিল্যান্ডের বোলারদের দাপটে পরে পথ হারান ভারতীয় ব্যাটসম্যানরা। কাল দ্বিতীয় দিনে একই দৃশ্য। এবার অস্বস্তিতে ভারতীয় বোলাররা। দারুণ ব্যাটিংয়ে ১ উইকেটে ১৫২ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। কিন্তু এবার ভারতীয়দের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেছে দিনের শেষ সেশনের পুরোটাই।
ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৬৬ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। তবে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনের ব্যাটিংয়ে ব্যবধানটা দ্রুতই কমে আসছিল। ল্যাথাম-উইলিয়ামসন জুটি বাঁধেন ৩৫ রানে ওপেনার মার্টিন গাপটিলের বিদায়ের পর। জুটিতে ১১৭ রান যোগ করে এরই মধ্যে রেকর্ড বইয়ে নাম উঠিয়েছেন ল্যাথাম-উইলিয়ামসনরা। ফিফটি পেয়ে গেছেন দুজনই।
মাত্র ২৪ বার একসঙ্গে ব্যাটিং করেই ষষ্ঠবারের মতো এক শ ছাড়ানো জুটি গড়লেন তাঁরা। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এ ছাড়া জুটি বেঁধে ছয়টি সেঞ্চুরি করেছেন শুধু অ্যান্ড্রু জোন্স-জন রাইট এবং রস টেলর-কেন উইলিয়ামসনরা।
ল্যাথাম-উইলিয়ামসনের জুটিটা অবশ্য ভাঙতে পারত ৯১ রানেই। ল্যাথামের রান তখন ৪৭। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বলে সুইপ করেছিলেন কিউই ওপেনার। বল তাঁর বুটে লেগে শর্ট লেগ ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডার লোকেশ রাহুল অনেক চেষ্টার পর ক্যাচও নিয়েছেন। তবে বল ল্যাথামের বুটে লাগার আগে কিংবা পরে মাটিতে পড়েছে কি না, তা দেখতে থার্ড আম্পায়ারের সাহায্য চাওয়া হয়। টেলিভিশন রিপ্লেতে দেখা গেল মাটি ছোঁয়নি বল, তবে ক্যাচ নেওয়ার আগে রাহুলের হেলমেটের গ্রিলে লেগেছে। ক্রিকেট আইনের ৩২.৩ ধারায় বলা আছে, ক্যাচ নেওয়ার আগে বল ফিল্ডারের হেলমেট ছুঁয়ে গেলে ওই ক্যাচ বৈধ হবে না। তাই বেঁচে যান ল্যাথাম।
এর আগে সকালে ভারতের শেষ জুটি আগের দিনের রানের সঙ্গে আরও ২৭ রান যোগ করে। এর ২৬ রানই রবীন্দ্র জাদেজার। ভারত থেমেছে ৩১৮ রানে। এএফপি।