
টম ল্যাথামের সেঞ্চুরিতে ১৫১ রানের লিড হয়ে গিয়েছিল আগের দিনই। কিন্তু নিউজিল্যান্ড কি আর এত সহজে ছাড়ে জিম্বাবুয়েকে! ল্যাথামের পর কাল রস টেলর ও বিজে ওয়াটলিংও সেঞ্চুরি করলেন। বুলাওয়েতে কিউইদের রান-উৎসবও চলল প্রায় দিনভর। চা-বিরতির পর পঞ্চম ওভারে ওয়াটলিং আউট হতেই কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন যখন ইনিংস ঘোষণা করেন, দলের রান ৬ উইকেটে ৫৭৬। টেলর তখনো অপরাজিত ১৭৩ রানে!
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও সেই পুরোনো জিম্বাবুয়ে। ট্রেন্ট বোল্টের তোপে ১৭ রানের মধ্যেই চলে যায় ৪ উইকেট। বিপর্যয় কিছুটা সামলে দিন শেষে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১২১। ইনিংস হার এড়ানোই এখন বড় চ্যালেঞ্জ জিম্বাবুয়ের।
টেলর-ওয়াটলিংয়ের ষষ্ঠ উইকেট জুটিটাই সবচেয়ে বেশি ভুগিয়েছে জিম্বাবুয়েকে। ৬৪.৫ ওভারে ২৫৩ রান তুলেছেন তাঁরা দুজন মিলে, ওভারপ্রতি রান ৩.৯০ করে। এর মাঝে টেলর পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি, ওয়াটলিং ষষ্ঠ।
এরই মধ্যে একটা লজ্জার রেকর্ড হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের। ৫৩ ওভার বল করে ১৮৭ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন জিম্বাবুইয়ান স্পিনার। যেটি তাঁকে বানিয়ে দিয়েছে টেস্টের কোনো ইনিংসে বোলার হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়া অধিনায়কও। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৭৬/৬ ডি. (টেলর ১৭৩*, ওয়াটলিং ১০৫; মাসাকাদজা ১/২৫, চিবাবা ১/৪৪)।
জিম্বাবুয়ে: ১৬৪ ও ১২১/৫ (আরভিন ৪৯*, রাজা ৩৭; বোল্ট ৩/৩৩)।