
‘মাত্র’ ২৮৫ রান। ব্যস, তাহলেই আবুধাবি টেস্ট জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
মাত্র শব্দটি যে মজা করে বলা, সেটা বোধ হয় না বললেও চলে। টেস্টের পঞ্চম দিনে হাতে ৬ উইকেট নিয়ে ২৮৫ রান তোলা যে কতটা দুরূহ, সে তো চট্টগ্রাম টেস্টই দেখিয়ে দিল। তবুও আজ এই প্রায় অসম্ভবকে সম্ভব করতেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
দুবাই টেস্টে ড্যারেন ব্রাভোর প্রতিরোধে ৩৪৬ রানের কঠিন লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলছিল ক্যারিবীয়রা। সে জন্যই কাল পাকিস্তান অধিনায়ক কোনো ঝুঁকি নিতে যাননি, ইনিংস ঘোষণা করেছেন লিড সাড়ে চার শ পেরোনোর পর। তার আগেই ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে নেন আসাদ শফিক।
রান তাড়ার শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২৮ রানেই ফিরে যান লিওন জনসন। একটু পরই প্রথম টেস্টের ‘ট্র্যাজিক হিরো’ ব্রাভোও। ক্রেগ ব্রাফেট ও মারলন স্যামুয়েলস আশা জাগিয়েও শেষ সেশনে ফিরেছেন তাড়াহুড়ো করতে গিয়ে। দিনের বাকি সময়টা নিরাপদে পার করেছেন জার্মেইন ব্ল্যাকউড ও রোস্টন চেজ। ২ উইকেট নিয়ে ইয়াসির শাহ জানিয়ে দিয়েছেন শেষ দিনে ক্যারিবীয়দের মূল মাথাব্যথার কারণ হবেন তিনিই। সূত্র: টেন থ্রি।